হামেসের পিছু নিল কারা?

গাড়ি চালিয়ে রিয়াল মাদ্রিদের অনুশীলনে আসছিলেন কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ। কিন্তু পুরো রাস্তাজুড়ে তাঁকে অনুসরণ করল কারা? পুলিশ না অন্যকেউ!
ব্যাপারটা সৃষ্টি করেছে ব্যাপক সন্দেহ। রদ্রিগেজ গাড়ি নিয়ে রিয়ালের অনুশীলন মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গেই নীল সাইরেন লাগানো একটি গাড়ি এসে থামে মাঠের প্রবেশ পথের পার্কিংয়ে। গাড়ি কয়েকজন নেমে মাঠে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাদের গতিরোধ করেন। তারা জানায়, হামেস রদ্রিগেজকে অনুসরণ করেই তারা সেখানে এসেছেন। এম-৪০ মোটরওয়ে দিয়ে গাড়ি চালিয়ে আসার সময় হামেস নাকি ঘণ্টায় ২০০ কিলোমিটারে গাড়ি চালিয়েছেন!
হামেসকে অনুসরণ করা সেই সাইরেন কারটির পরিচয় নিয়েও দেখা দিয়েছে সন্দেহ। সেখানে নাকি কোনো পরিচিতি লেখা ছিল না। তাহলে কলম্বিয়ান সেনসেশনকে অনুসরণ করলেন কারা? পুলিশ নাকি সন্দেহভাজন কোনো গোষ্ঠী। বিষয়টি রহস্য সৃষ্টি করেছে রীতিমতো।
এ ব্যাপারে হামেস রদ্রিগেজ কিংবা রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি বলেই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। অনুশীলন মাঠের প্রবেশে বাধাপ্রাপ্ত হয়ে সেই সাইরেন কারের লোকেরা পরে কী করেছিল, এএফপি জানায়নি তা-ও।