হার এড়াল মোহামেডান

প্রথম দিনই শেখ জামাল ড্র করেছে আরামবাগের সঙ্গে। আরেক শিরোপাপ্রত্যাশী শেখ রাসেল ক্রীড়া চক্র তো হেরেই গেছে উত্তর বারিধারার কাছে। সে তুলনায় মোহামেডান নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে। পিছিয়ে পড়েও সাদাকালোরা অন্তত একটি পয়েন্ট নিয়ে ফিরতে পারছে। রহমতগঞ্জের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দেশের ফুটবলের অন্যতম জনপ্রিয় এই দল।
এম এ আজিজ স্টেডিয়ামে বৃষ্টি ভেজা মাঠে ১৮ মিনিটে জুনাপিউ এগিয়ে দিয়েছিলেন রহমতগঞ্জকে। সেই গোল শোধের আপ্রাণ চেষ্টা করেও লক্ষ্যভেদে বারবারই ব্যর্থ হচ্ছিল মোহামেডান। শেষ পর্যন্ত অবশ্য ৮৩ মিনিটে পেনাল্টিতে অধিনায়ক ইসমাইল বাঙ্গুরার গোলে মান বাঁচে মোহামেডানের। বক্সে রহমতগঞ্জের শওকতের হাতে বল লাগায় রেফারি ভরত চন্দ্র ওই পেনাল্টি দেন।
প্রথম ম্যাচ হিসেবে এক পয়েন্ট পেয়ে স্বস্তির নিশ্বাসই ফেলেছে জসিমউদ্দিন জোসির মোহামেডান। যদিও খেলোয়াড়দের ভুল পাস আর গোল করার ব্যর্থতা জোসির জন্য চিন্তার কারণই। যদিও ভাগ্যকে ঢাল হিসেবে দাঁড় করিয়ে আশাবাদীই থাকতে চাইলেন তিনি, ‘ভাগ্যটা হয়তো সহায় ছিল না আমাদের।’
তবে পেনাল্টি নিয়ে ঘোর আপত্তি রহমতগঞ্জের। ম্যাচের পর রহমতগঞ্জ কোচ কামাল বাবু বললেন, ‘বলটা শওকতের হাতে লাগেনি কোনোভাবেই।’ অবশ্য ম্যাচ দেখে প্রায় সবারই অভিন্ন মত, ন্যায্য পেনাল্টিই পেয়েছিল মোহামেডান।