হার এড়ালেন সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুষ্টিবদ্ধ হাত। মুখে চিৎকার। ম্যাচ শেষে সেরেনা উইলিয়ামসের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখে মনে হতে পারে, তিনি কোনো ফাইনাল জিতলেন! জিতেছেন উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে, ৬৫তম র্যাং কধারী স্বদেশি ক্রিস্টিনা ম্যাকহেলের বিপক্ষে। তবু তাঁর এমন উচ্ছ্বাসের কারণ আছে। ম্যাচের শুরুটা যেভাবে হয়েছিল, তাতে তো একটা শঙ্কাই দেখা দিয়েছিল—দ্বিতীয় রাউন্ডেই না বিদায় নিতে হয় বর্তমান চ্যাম্পিয়ন সেরেনাকে! কিন্তু প্রথম সেটে পিছিয়ে পড়েও প্রায় আড়াই ঘণ্টার লড়াইয়ে জিতলেন ৬-৭ (৭/৯), ৬-২, ৬-৪ গেমে।
ম্যাকহেলের কাছে হেরে গেলে সেটি হতো উইম্বলডনে শীর্ষ বাছাই সেরেনার সবচেয়ে বাজে পারফরম্যান্স। ঘাসের এই গ্র্যান্ড স্লামে ছয়বারের চ্যাম্পিয়ন সেরেনা তৃতীয় রাউন্ডের আগে কখনোই বিদায় নেননি।
সেরেনা পারলেও হার এড়াতে পারেননি চতুর্থ বাছাই স্তানিসলাস ভাভরিঙ্কা। হেরেছেন আড়াই বছর পর প্রথম গ্র্যান্ড স্লাম খেলতে আসা হুয়ান মার্টিন দেল পোত্রোর কাছে। ৬-৩, ৩-৬, ৭-৬ (৭/২), ৬-৩ গেমে জিতেছেন আর্জেন্টাইন দেল পোত্রো। এএফপি।