হার মানতে কষ্ট চট্ট. আবাহনীর

দৃশ্যটা নতুন। মোহামেডান গ্যালারিতে হলুদ আর সবজু কাপড়ের মিশেলে তৈরি চকচকে পতাকা হাতে একদল দর্শক। একই রকমের পতাকা হাতে প্রেসবক্সের সামনে আরও একদল প্রমীলা দর্শক। ওগুলো রহমতগঞ্জের পতাকা। প্রিয় দলকে উৎসাহ জোগাতে তাঁরা সারাক্ষণ হাততালি দিয়েছেন, শিস বাঁজিয়েছেন।
কালকের ম্যাচে রহমতগঞ্জের প্রায় হাজার চারেক দর্শক খেলা শেষে খুশি মনেই ধরেছে বাড়ির পথ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল শিরোপাপ্রত্যাশী চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে অঘটন ঘটিয়েছে ছোট দল রহমতগঞ্জ! গোল দুটি করেছেন মেহবুব হাসান ও সিও জুনাপিও।
এবারের লিগে এখন পর্যন্ত অন্যতম ধারাবাহিক দল রহমতগঞ্জ। শেখ রাসেলকে তারা হারিয়েছে, ড্র করেছে শেখ জামাল ও মোহামেডানের সঙ্গে। কাল পর্যন্ত ছয় ম্যাচে একটিও হার নেই। তিন জয় ও তিন ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ উঠে এল পয়েন্ট টেবিলের দুয়ে। ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চারে চট্টগ্রাম আবাহনী।
লিগে একই রকম ধারবাহিক দল চট্টগ্রাম আবাহনী কালই প্রথম হারল। মামুনুল, জাহিদ, রায়হান, নাসির উদ্দিন, রুবেল মিয়াদের নিয়ে গড়া ‘প্রায় জাতীয় দলকে’ হারিয়ে দেওয়ায় রহমতগঞ্জের কোচ কামাল বাবু ছিলেন ভীষণই উচ্ছ্বসিত। কর্মকর্তারা সিও জুনাপিওকে কাঁধে তুলে নাচলেন। গ্যালারির সামনে এসে সমর্থকদের উদ্দেশে হাত নাড়লেন রহমতগঞ্জের খেলোয়াড়েরা। হার আসন্ন বুঝতে পেরে চট্টগ্রাম আবাহনীর উইঙ্গার জাহিদ ঘুষি চালালেন রহমতগঞ্জের অধিনায়ক রাসেলের মুখে। খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে রাগে গজগজ করতে করতে দলটির কোচ যোশেফ পাভলিক ডাগআউট ছাড়লেন। খেলা শেষে মামুনুলরা গ্যালারিতে গিয়ে সমর্থকদের সঙ্গে জড়িয়ে পড়লেন বাগ্বিতণ্ডায়!
ছয় মিনিটে প্রথমে এগিয়ে যায় রহমতগঞ্জ। এলিটা বেঞ্জামিনের কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে গোল দেন মেহবুব হাসান। গোল শোধে মরিয়া চট্টগ্রাম আবাহনী এরপর শুধু একের পর এক আক্রমণ গড়েছেন। কিন্তু দুর্ভাগ্য গোলমুখ আর খুলতে পারেননি। সাইড পোস্ট আর ক্রসবারে লেগেছে বেশ কয়েকবার। অথচ যোগ হওয়া সময়ে প্রতিআক্রমণ থেকে গোল করে দুঃখটা বাড়িয়েছেন সিও জুনাপিও। মাঝমাঠ থেকে বল পেয়ে একাই বক্সে ঢুকে গোল দেন জুনাপিও, চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল চেয়ে দেখলেন তা!
হেরেই চলেছে বারিধারা: চট্টগ্রামে নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে চমকে দিয়েছিল উত্তর বারিধারা। কিন্তু এরপর থেকে টানা হেরেই চলেছে দলটি। কাল উত্তর বারিধারাকে ৪-১ গোলে হারিয়েছে ফেনী সকার। ফেনীর দুটি গোল করেছেন ফেলিক্স, একটি করে আকবর হোসেন ও চৌমরিন রাখাইন। উত্তর বারিধারার গোলটি রোহিত সরকারের। লিগে সকারের এটি দ্বিতীয় জয়। ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে ছয়ে ফেনী সকার। আর তিন পয়েন্ট নিয়ে ১১তম স্থানে বারিধারা।
আজকের খেলা
ঢাকা আবাহনী-আরামবাগ, মোহামেডান-ব্রাদার্স, (বিকেল ৪-৩০ মি. ও সন্ধ্যা ৭-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম, ঢাকা)।