হারকে জয় বানিয়ে ফেলতে পারেন এমবাপ্পে
এবারের ইউরোর প্রথম বড় ম্যাচ আজ। গতবারের দুই ফাইনালিস্ট আজ মাঠে নামছে। পর্তুগাল ও ফ্রান্স এবার একই গ্রুপে পড়েছে। তবে আজ তাদের দেখা হচ্ছে না। দিনের প্রথম খেলায় হাঙ্গেরির মুখোমুখি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আর এরপরই দিনের হাই ভোল্টেজ ম্যাচ—ফ্রান্স বনাম জার্মানি।
গতবারের রানার্সআপ ফ্রান্স এবার ফেবারিট হিসেবে শুরু করছে টুর্নামেন্ট। ঘরের মাঠে ইউরোর শিরোপা জিততে না পারা ফ্রান্স এরপর বিশ্বকাপ জিতেছে, নতুন করে আরও দুর্দান্ত সব প্রতিভা এসে হাজির হয়েছে। যে কারণে ২০১৮ বিশ্বকাপের দলটার চেয়েও শক্তিশালী বলে স্বীকার করে নেওয়া হচ্ছে তাদের। আর এত এত তারকার মধ্যেও সবচেয়ে আলাদা হয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে।
থিয়েরি অরির ধারণা, গত ইউরোর হতাশা ভুলতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয় ফ্রান্সের। তবে সেটা নিশ্চিত হবে, যদি এমবাপ্পে ফর্মে থাকেন।
২০০০ ইউরো জেতা অরি বর্তমান দলের আক্রমণভাগ দেখে মুগ্ধ। দলে এমবাপ্পে ছাড়াও করিম বেনজেমা, আঁতোয়ান গ্রিজমান, অলিভিয়ের জিরু, উসমানে দেম্বেলে আছেন। কিন্তু অরির চোখে তুরুপের তাস একজনই, ‘সে এমন একজন যে ড্রকে জয় বানাতে পারে, হারকে ড্র বানাতে পারে, এমনকি হারকেও জয় বানাতে পারে। ওর সে প্রতিভা আছে। ওর মতো এমন এক খেলোয়াড় পাওয়া অবিশ্বাস্য। শুধু এটা করতে পারে, তা–ই নয়; সে বল পায়েও বুদ্ধিমান। খেলার সময় মাথা ব্যবহার করে এবং ওর এ ব্যাপার আমার খুব পছন্দ। ও ফ্রেঞ্চ, এতে আমরা অনেক খুশি।’
আজ রাতে জার্মানির ম্যাচ কৌশলে তাই এমবাপ্পে আটকে রাখা সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। কিন্তু এতেই পার পাবে না জার্মানি। ফ্রান্সের হাতে তো অস্ত্রের অভাব নেই। এমবাপ্পে-জিরু-গ্রিজমানরা ফ্রান্সকে বিশ্বকাপ এনে দিয়েছেন। কিন্তু কোচ দিদিয়ের দেশম এতেই সন্তুষ্ট হননি এবার। ইউরোর জন্য মান–অভিমান ভুলে ছয় বছর পর বেনজেমাকে ডেকে পাঠিয়েছেন। এক সময় বেনজেমাকে ডাকলে নেতিবাচক প্রভাব পড়বে, এমন অজুহাত দেখিয়েছিলেন দেশম।
এবার নিজেই বেনজেমাকে ডেকে পাঠিয়েছেন বিশ্বকাপ জেতা অধিনায়ক ও কোচ। নিজের সাবেক অধিনায়কের সিদ্ধান্তে আস্থা রাখছেন অরি। তাঁর ধারণা, দলের ভালোর জন্য যা দরকার, সেটাই করছেন দেশম, ‘দিদিয়েরকে যতটা চিনি, সে সবকিছু ভালোভাবেই হিসাব কষে নিয়েছে। আগে কী হয়েছে, আমি জানি না। আমি জানি, বেনজেমা ফিরেছে এবং আমার চোখে এর মানে ভালো কিছু। আপনার হাতে ভিন্ন ধরনের একটা স্ট্রাইকার পাচ্ছেন। আপনার কাছে জিরু আছে, যে বল ধরে রাখতে পারে। গ্রিজমান আছে, যে স্ট্রাইকারের পেছনে খেলতে পছন্দ করে। আমরা জানি, বেনজেমা সবকিছু করতে পারে। আর আছে এমবাপ্পে, যে কিনা যেভাবে খুশি খেলতে পারে। যখন ইচ্ছা গতি বাড়াতে পারে।’