এ মৌসুমে স্বাধীনতা কাপের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৫-১ গোলের দারুণ জয়। সেই থেকে টানা চার ম্যাচ জয়শূন্য মোহামেডান। জয় দূরে থাক, কাল লিগের প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে পিছিয়ে পড়ে ড্র করে মান বাঁচাতে পারাই ঐতিহ্যবাহী দলটির জন্য স্বস্তির।
মোহামেডান এখন রহমতগঞ্জের মতো দলকেও হারাতে পারে না। কদিন আগেই ফেডারেশন কাপে ২-২ গোলে ড্র করেছে। সাদা-কালোদের এখন আলাদা করা যায় শুধুই জার্সি দেখে। ব্যতিক্রম হয়নি কালও। চট্টগ্রামের দর্শকদের কাছে মোহামেডান ধরা দিয়েছে সাদামাটা এক দল হিসেবেই। যে দলটি ম্যাচের ১৬ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে। দারুণ এক সাইড ভলিতে গোলটা করেন রহমতগঞ্জের জুনাপিউ।
গোল শোধের চেষ্টায় মোহামেডান খেলোয়াড়দের ভুল পাসের ছড়াছড়ি দেখে বিরক্ত খোদ কোচ জসিম উদ্দিন জোসি। গোলমুখে গিয়ে স্ট্রাইকারদের খেই হারানোর রোগটা তাঁর চিন্তা বাড়াচ্ছে। তবে সব একপাশে রেখে জোসি ছাতা ধরলেন শিষ্যদের ওপর, ‘আমরা ঢাকায় টার্ফে অনুশীলন করেছি। এখানে ঘাসে মানিয়ে নিতে সমস্যা হয়েছে।’
তবু তুলনামূলক বল দখল ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল মোহামেডানই। এবং সমতাসূচক গোলটি আসে ৮৩ মিনিটে। পেনাল্টিতে ১-১ করলেন ইসমাইল বাঙ্গুরা। যদিও শওকতের হাতে বল লাগায় রেফারির দেওয়া ওই পেনাল্টি মানতে পারেনি রহমতগঞ্জ। এটা এখন যেন নৈমিত্তিক ব্যাপার, রেফারিং নিয়ে প্রতিদিনই আপত্তি তোলে রহমতগঞ্জ। কালও দলটির কোচ কামাল বাবুর দাবি, ‘মুখে কিছু বলব না। আপনারা ভিডিও দেখেন। ওটা পেনাল্টি হয় না।’