হারল টেন্ডুলকারের দল

ফুটবল সুযোগ তৈরি নয়, সুযোগ কাজে লাগানোর খেলা—এটিই আজ কেরালা ব্লাস্টার্সকে বোঝাল নর্থ ইস্ট ইউনাইটেড। গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) জন আব্রাহামের দল নর্থ ইস্ট ১-০ গোলে জয় পেল শচীন টেন্ডুলকারের কেরালার বিপক্ষে।
বল দখল, লক্ষ্যে শট নেওয়া, কর্নার—সবকিছুতেই এগিয়ে ছিল কেরালা। একের পর এক আক্রমণে নর্থ ইস্টের রক্ষণভাগ কাঁপিয়েও ম্যাচের ফল নিজেদের পক্ষে নিতে পারেনি দলটি। এছাড়া অফসাইডের কারণে কেরালার বাতিল হয়েছে দুটি গোল। অন্যদিকে প্রথমার্ধের শেষ মুহূর্তে দারুণ এক ফিনিশিংয়ে নর্থ ইস্টের জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড কোকে। বারবার চেষ্টার পরও সেই গোল আর শোধ করতে পারেনি কেরালা। দুর্দান্ত কিছু সেভ করেছেন নর্থ ইস্টের গোলরক্ষক অ্যালেক্সন্ডরোস। ম্যাচসেরাও তিনি। ভালো পারফরম্যান্স দেখিয়েছেন কেরালার গোলরক্ষক জেমসও। ম্যাচ শেষে স্বাভাবিকভাবে আব্রাহামের মুখে চওড়া হাসি।