মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারের শঙ্কা করেছিলেন অনেকেই। কিন্তু শেষ পর্যন্ত ৩ গোলে হার বাংলাদেশের জন্য সম্মানজনকই। তাই মালয়েশিয়ার কিছু সমর্থক ম্যােচর পর যখন পতাকা দুলিয়ে নিজেদের খেলোয়াড়দের অভিনন্দন জানাচ্ছিেলন, গ্যালারি থেকে অভিনন্দন আসছিল জিমিদের জন্যও। মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল পড়ন্ত বিকেলে দাঁড়িয়ে একটা সময় তো বোঝাই যাচ্ছিল না আসলে কারা জিতেছে!
বিভ্রান্তিতে পড়ার মতো অবস্থা। একসময় মনে হচ্ছিল বাংলাদেশ দলই বুঝি জিতেছে। সেটা মনে করার কারণ, মালয়েশিয়ার বিপক্ষে ২০০১ সালে ঢাকায় প্রাইম মিনিস্টার্স কাপে ২-১ গোলে জয় ছাড়া আর কোনো জয়ই নেই। র্যাঙ্কিংয়ের দিকে তাকালে তো আগেই আত্মসমর্পণ করে বসতে হয়। বাংলাদেশের (৩২) চেয়ে ১৯ ধাপ এগিয়ে মালয়েশিয়া। কিন্তু কালকের ৩-০ স্কোরলাইনে র্যাঙ্কিংয়ের বিশাল পার্থক্য নেই। এ কারণেই সবার মনে কিছুটা স্বস্তি, কিছুটা আত্মতৃপ্তিও!
কোচ অলিভার কার্টজের মুখে তো চওড়া হাসিই, ‘হ্যাঁ, আমি বেশ খুশিই বলতে পারেন। মালয়েশিয়াকে আমরা ৩ গোলে আটকে দিয়েছি। ছেলেদের জন্য এটা অবশ্যই কৃতিত্বের।’ অলিভার মনে মনে নিশ্চয়ই একটু হাঁফ ছেড়েও বাঁচলেন। প্রথম একাদশে তিনি রাখলেন না জিমি-চয়নদের। অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের নামিয়ে দিলেন বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার সঙ্গে। শুরু থেকেই চাপ তৈরি করা মালয়েশিয়া পঞ্চম মিনিটেই গোল তুলে নিয়েছে। মারহান জলিলের ফিল্ড গোলের কিছুটা দায় অবশ্য বাংলাদেশের রক্ষণেরও। তখনই প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে অলিভারের দল নির্বাচন। কিন্তু কোচ পরে তাঁর িসদ্ধান্তের পক্ষেই বললেন, ‘অনূর্ধ্ব-২৩ দল নামানোই আমার কাছে সঠিক মনে হয়েছে।’
১৯ মিনিটে ২-০। পেনাল্টি কর্নারে রহিম রাজির হিট পোস্টে। বাংলাদেশের গোলরক্ষক জাহিদ গোটা ম্যাচে ভালো খেললেও তিনটি গোল তাঁকে হজম করতেই হলো। ৫৪ মিনিটে তৃতীয় গোলটি হয়েছে, নিক রোশেমির হিট আটকাতে পারেননি জাহিদ।
এই স্কোরলাইনে অবশ্য লেখা থাকবে না তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের যথেষ্ট গুছিয়ে খেলার কথা। কারও কারও চোখে যা দুর্দান্ত। কোচ এ নিয়ে খুব সন্তুষ্ট। স্বাগতিকদের প্রাপ্তি অবশ্য আরও আছে। যেটির নাম আত্মবিশ্বাস। আজ দুর্বল ফিজির সঙ্গে তা কাজে লাগাতে পারলে বড় জয়ের আশা করাই যায়। এই ফিজি কাল ওমানের কাছে হেরেছে ৭-০ গোলে। শ্রীলঙ্কাকে ৬-২ গোলে হারিয়েছে মিসর। ঘানার পোস্টে চীন ৭ গোল দিয়ে ৩ গোল খেয়েছে।
কোচ অলিভার বলছিলেন, চীন ও মিসরকে দেখে তাঁর মনে হয়েছে ওরা অনেক শক্তিশালী দল। তাই সামনের ম্যাচগুলোয় আরও ভালো খেলার বিকল্প দেখছেন না। সেই আশায় আছেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমিও। তবে কাল গোল করতে না পারার অতৃপ্তি রয়েছে তাঁর,‘ওরা ছয়টি পেনাল্টি কর্নারে গোল করেছে একটি। আমরা দুটি পেনাল্টি কর্নার থেকে গোল পাইনি। ম্যাচে পাওয়া তিনটি সুযোগ কাজে লাগাতে পারলে স্কোরলাইন ৩-৩ হয়ে যেতে পারত।’
ম্যাচ দেখে সাবেক স্ট্রাইকার রফিকুল ইসলাম কামাল বলেন, ‘৩-০ গোলে হার ঠিকই আছে। বাংলাদেশ দলটাকে খারাপ মনে হয়নি।’ জিমিরা আসলে কাল সামর্থ্যের পুরোটা দিতে পারেনি। সেটা সম্ভবও ছিল না মালয়েশিয়ার মতো দলের সঙ্গে।