হারাকে কিছু হারাতেই হচ্ছে!

সারা ফুটবলবিশ্বে নিন্দার ঝড় বইছে। লাল কার্ড দেখেছেন এডিনসন কাভানি, কিন্তু সমালোচনার তির চিলির গঞ্জালো হারার দিকে। কাভানিকে দৃষ্টিকটুভাবে যেভাবে উসকানি দিয়েছেন, তাতে চিলির এই ডিফেন্ডার এখন বড় নিষেধাজ্ঞা পেতে পারেন।
পরশু চিলির সঙ্গে উরুগুয়ের কোয়ার্টার ফাইনালেই ঘটেছে ঘটনা। কাভানির পশ্চাদ্দেশে অশোভনভাবে আঙুল দিয়ে খোঁচা দিয়েছেন হারা। পরে কাভানির সামান্য ছোঁয়ায় নিজে ইচ্ছে করে পড়ে গেছেন মাটিতে। উরুগুয়ে স্ট্রাইকারকে রেফারি সঙ্গে সঙ্গেই দেখিয়ে দিয়েছেন হলুদ কার্ড। হারার কিছু হয়নি!
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে শুরু থেকেই তুমুল আলোচনা। অন্য ফুটবলাররাও মুখর হারার নিন্দায়। আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোর কথা, ‘বিশেষ করে আপনি যখন জানবেন কাভানির মতো খেলোয়াড়কে এক সপ্তাহ ধরে কতটা ঝড় সামলাতে হয়েছে, সেটি বিবেচনায় এটা আরও নিন্দার। এ রকম কাজের কোনো যুক্তিই হতে পারে না। সবচেয়ে বড় কথা, কাভানি ওকে স্পর্শই করেনি।’ কয়েক দিন আগেই গাড়ি দুর্ঘটনায় গ্রেপ্তার হন কাভানির বাবা। টুর্নামেন্টের মাঝপথে বাড়িও ফিরে যেতে চেয়েছিলেন এই স্ট্রাইকার।
কলম্বিয়া কোচ হোসে পেকারম্যান খেলার চেতনা ক্ষুণ্ন হওয়াটাকেই দেখছেন বড় করে, ‘আমরা সবাই জিততে চাই, কিন্তু লড়াইটা হতে হবে সৎ। ফুটবল এমন একটা খেলা, যেটা পুরো বিশ্ব দেখে। কিছু নিয়ম আছে, যেগুলোকে শ্রদ্ধা করতে হবে।’
হারার নিষেধাজ্ঞা চান উরুগুয়ের অধিনায়ক ডিয়েগো গডিন, ‘সবাই দেখেছে কী হয়েছে, আমার আর কিছু বলার দরকার নেই। সুয়ারেজের ব্যাপারটা ফিফা যেভাবে সামলেছে, আশা করি কনমেবল এবার সে রকম কিছু করবে। আমি জানি না কোনো নিষেধাজ্ঞা হবে কি না, কিন্তু আমার আশা সে রকমই।’ উরুগুয়ের সংবাদপত্র ব্যাপারটা বড় করে দেখলেও স্বাগতিক চিলির প্রচারমাধ্যম ব্যাপারটা এড়িয়ে গেছে।
তবে হারার সামনে শাস্তিই অপেক্ষা করছে। টুর্নামেন্ট কমিটি এরই মধ্যে ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে। হারার জার্মান ক্লাব মেইনজ আভাস দিয়েছে, তারা এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাতিল করতে পারে। মেইজের ক্রীড়া পরিচালক ক্রিস্টিয়ান হেইডেল জানিয়েছেন, ‘সে জানে যে সে চাইলে চলে যেতে পারে। এই ব্যাপারটা আমরা একদমই বরদাশত করব না। আমার সবচেয়ে বেশি রাগ হয়েছে, আঙুল দিয়ে খোঁচা দেওয়ার পর তার অভিনয় দেখে।’ এএফপি, রয়টার্স।