হারাকে হারাল চিলি
শাস্তি যে হবে, সেটা মোটামুটি অনুমিতই ছিল। গঞ্জালো হারা মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে অশোভন আচরণ করেছেন সেটার জন্য আসলে বড় শাস্তিই প্রাপ্যই ছিল তাঁর। খুব বড় শাস্তি অবশ্য হয়নি। কাল কোপা আমেরিকা কর্তৃপক্ষ জানিয়েছে, তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন চিলির এই ডিফেন্ডার, সঙ্গে সাড়ে সাত হাজার মার্কিন ডলার জরিমানা। তার মানে এবারের কোপা আমেরিকা শেষ হয়ে গেছে হারার জন্য। নামতে পারেননি আজ ভোরে হয়ে যাওয়া পেরুর সঙ্গে সেমিফাইনালেও।
কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানির পশ্চাদ্দেশে আঙুল দিয়ে তাঁকে উসকে দিয়েছিলেন হারা। কাভানির আলতো স্পর্শে পরে নিজে ইচ্ছা করে লুটিয়ে পড়ে যান মাটিতে। কাভানিকে পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে, কিন্তু পরে ম্যাচের ভিডিওতে ধরা পড়ে হারার কুকর্ম। তাতেই ছি ছি পড়ে যায় ফুটবল-বিশ্বে। সমালোচনার ঝড় ওঠে হারাকে নিয়ে। তাঁর বড় শাস্তির দাবি উঠতে থাকে।
কাল চিলির ফুটবল ফেডারেশন ঘোষণা করেছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে না, ‘আমরা এই নিষেধাজ্ঞায় খুবই দুঃখিত, কিন্তু এটা আমরা মেনে নিচ্ছি।’ চিলির কোচ হোর্হে সামপাওলি হারার নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবাদ করেননি। তবে একটা আপত্তি তুলেছেন অন্য জায়গায়, ‘রেফারির প্রতিবেদনের বাইরে যদি আপনি অভিযোগ মেনে নেওয়া শুরু করেন, তাহলে অনেক কিছুই জটিল থেকে জটিলতর হয়ে পড়বে। একপাক্ষিক অভিযোগে কেউ দোষী হলে, অনেকেই সেটা করা শুরু করবে।’ এএফপি।