হারানো জায়গা ফিরে পাচ্ছেন ক্যাসিয়াস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকার ক্যাসিয়াস
ইকার ক্যাসিয়াস

রিয়াল মাদ্রিদের প্রতীকেই পরিণত হয়েছেন ইকার ক্যাসিয়াস। ১৯৯৯ সালে অভিষেকের পর বিশ্বস্ত হাতেই সামলেছেন রিয়ালের গোলপোস্ট। কিন্তু ইউরোপিয়ান ফুটবলের সর্বশেষ দুটি মৌসুমে অনিয়মিতই হয়ে পড়েছিলেন এই স্প্যানিশ গোলরক্ষক। গত মৌসুমে খেলেছেন শুধুই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে। লা লিগায় খেলেছিলেন ডিয়েগো লোপেজ। তবে এবারের মৌসুমে হয়তো হারানো জায়গাটা আবার ফিরে পেতে যাচ্ছেন এসময়ের অন্যতম সেরা এই গোলরক্ষক। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি সম্প্রতি এমন ইঙ্গিতই দিয়েছেন।

১২ আগস্ট উয়েফা সুপার কাপের শিরোপা জয়ের লড়াইয়ে রিয়ালের গোলরক্ষক হিসেবে ক্যাসিয়াসকেই বেছে নিয়েছেন আনচেলত্তি। এই ম্যাচটি দিয়েই শুরু হবে রিয়ালের এবারের মৌসুম। প্রথম একাদশে জায়গা হারানোর আশঙ্কায় লোপেজ রিয়াল মাদ্রিদ ছেড়ে দিতে পারেন, এমন গুঞ্জনও উঠেছে ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে। তবে আনচেলত্তি এসব নিয়ে মোটেও ভাবছেন না। লোপেজ ক্লাব ছেড়ে যাবে, এমন কোনো কথাও নাকি তাঁর কানে যায়নি। তিনি বলেছেন, ‘লোপেজ ঠিকঠাকই আছে। অনুশীলনও করছে। তার কোনো পরিবর্তন হয়নি। সে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সে খেলবে না কারণ আমি ক্যাসিয়াসকেই খেলার সুযোগ দিতে চাই। উয়েফা সুপার কাপে ক্যাসিয়াস খেলবে। কিন্তু আমি এখনো লোপেজের ওপর ভরসা রাখছি।’
তাহলে কি এবারও লা লিগায় লোপেজ আর চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোতে ক্যাসিয়াসকে খেলাতে যাচ্ছেন আনচেলত্তি? এ ব্যাপারে এখনো স্পষ্ট করে কিছু বলেননি রিয়াল কোচ।
এদিকে ব্রাজিল বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখানো কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাসও নাকি যোগ দিতে পারেন রিয়াল মাদ্রিদে। সত্যিই যদি তেমনটা ঘটে তাহলে গোলপোস্টের নিচের জায়গাটার জন্য ভালোই লড়াই চলবে রিয়াল শিবিরে।