হারিয়ে যাবে না তো এরা?

তৃণমূলের প্রতিভাদের ঝলক আগেও অনেকবার দেখা গেছে। কিন্তু পরিচর্যার অভাবে পাপড়ি না মেলতেই ঝরেও গেছে তাদের অনেকেই। তাই পরশু অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর কিশোরদের নিয়ে আনন্দোচ্ছ্বাসের মধ্যেও প্রশ্নটা উঠছে। হারিয়ে যাবে না তো এই কিশোরেরা?
বাফুফের ফুটবল উন্নয়ন কমিটির প্রধান বাদল রায় প্রশ্নটা লুফেই নিলেন, ‘এদের আমরা হারিয়ে যেতে দেব না। ফেডারেশনের অধীনে রেখে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা অচিরেই নেওয়া হবে।’ সঙ্গে তিনি আরেকটি তথ্যও জানালেন, ঢাকার দ্বিতীয় ও তৃতীয় বিভাগের অনেক ক্লাব কর্মকর্তাই নাকি সিলেট গিয়েছিলেন এই ছেলেদের দলে টানতে। কিন্তু এখনই কোনো ক্লাবের সঙ্গে কথা বলতে সাফজয়ী ফুটবলারদের পুরোপুরি নিষেধ করে দিয়েছে বাফুফে।
এমন সতর্কতা, প্রতিভা লালনের প্রতিশ্রুতি অতীতে অনেক শোনা গেছে। এটাও ঘটনা যে, পরে আর ছেলেদের খোঁজ নেয়নি বাফুফে। আর্থিক সংকটের অজুহাতে মুখ থুবড়ে পড়েছে সব উদ্যোগ। তাই বাফুফের ভালো ভালো উদ্যোগের কথা শুনে কাল অনেকে বলছিলেন, কথা তো অনেক হলো। এবার কার্যকর ও গতিশীল কর্মপরিকল্পনা প্রয়োজন।
সব কথাই মেনে নিলেন বাদল রায়। আরও দুই-তিন বছর সিলেট একাডেমিতে একসঙ্গে রেখে এই ছেলেদের ভালোভাবে গড়ে তুলতে ব্যক্ত করলেন নিজের অঙ্গীকার। এখান থেকেই জাতীয় দলে খেলোয়াড় সরবরাহ করা যাবে, এমন আশাবাদও তাঁর। সত্যি বলতে, কিশোর ফুটবলাররা যেভাবে মুগ্ধ করেছে, কর্তাদের নড়েচড়ে না বসে উপায় নেই। পাঁচ দিনের মধ্যে ভারতকে দুবার হারানো যেকোনো পর্যায়ের ফুটবলেই কঠিন। মাঠে তা করে দেখিয়েছে এরা। এদের এগিয়ে চলা যাঁর উদ্যম ও চেষ্টার ওপর নির্ভর করছে, সেই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন খুশি মনে দিচ্ছেন কিছু প্রতিশ্রুতিও, ‘এই ছেলেদের মধ্যে প্রতিভার অভাব নেই। আমাদের কাজ হলো ওদের বেড়ে উঠতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা। একাডেমির জন্য বিদেশি কোচ আনাসহ সম্ভাব্য সবই আমরা করব।’
আগামীর ছবি আঁকা এই ছেলেরা মাঠে এত এত দর্শক দেখে উজ্জীবিত। তবে এদের ছুটি মিলছে না এখনই। গতকালই চ্যাম্পিয়ন দলটাকে সিলেট থেকে ঢাকায় এনে তোলা হয়েছে বাফুফে ভবনে। আগামী ১৬-২০ সেপ্টেম্বর ঢাকাতেই এএফসি অনূর্ধ্ব-১৬ গ্রুপ পর্বের খেলা, যেখানে প্রতিপক্ষÿ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
সাফের গণ্ডি পেরিয়ে সামনে সৌদি আরবের মতো দল। ১৯৯১ সালে রাজশাহীতে সাত দলের এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে বাংলাদেশ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে খেলতে গিয়েছিল এই সৌদি আরবেই। সেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের কোচ হাসানুজ্জামান বাবলু কাল বলছিলেন, ‘২৪ বছর আগেও ওই প্রতিযোগিতায় আমাদের অনূর্ধ্ব-১৬ দল ভারতকে হারিয়েছিল ২-০ গোলে। গোলবন্যা বইয়ে পরের রাউন্ডে যাওয়ার পর সৌদি আরব আমাদের বেশ সমীহ করেছিল।’
তৃণমূল ফুটবলে বাংলাদেশ সমীহ কমবেশি পেয়েছে এর আগে। ১৯৯৬ সালে অনূর্ধ্ব-১৯ এএফসি ফুটবলে মালদ্বীপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কীর্তিও আছে। হঠাৎ কিছু ঝলক দেখা যায়, কিন্তু ধারাবাহিকতা কোথায়? এই অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলের গত আসরের সেমিফাইনালেই নেপালের কাছে ৫-১ গোলে হারের ÿক্ষত আছে, যে দলের কোচ ছিলেন রেনে কোস্টার। দুই বছর পর সেই বাংলাদেশের ছেলেরা এবার কী দুর্দান্তই না খেলল!
ফেডারেশন এবার এই টুর্নামেন্টের ওপর বাড়তি জোর দিয়েছে বলেই এমন সাফল্য। কিন্তু অতীত অভিজ্ঞতা বারবারই মনে করিয়ে দেয়—সিলেট মাতিয়ে দেওয়া নিপু, ফয়সাল, শাওনরা হারিয়ে যাবে না তো?