হারে শুরু ওর্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হার দিয়ে বাংলাদেশ অধ্যায় শুরু হলো অ্যান্ড্রু ওর্ডের। যদিও কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, নেপালে কাল প্রীতি ম্যাচে নেপাল অনূর্ধ্ব-২৩ দলের কাছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল হেরেছে ১-০ গোলে।

তবে প্রীতি ম্যাচের মোড়কে এটি ফিফা আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় বাড়তি একটা গুরুত্ব ছিলই। তার ওপর গত ১০ অক্টোবর ভুটানের কাছে বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দলের হারের পর যেকোনো স্তরে এটিই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। বাংলাদেশের ডাগআউটে দাঁড়িয়ে ওর্ডেরও এটি প্রথম ম্যাচ। ঢাকায় আবাহনীকে প্রস্তুতি ম্যাচে ১ গোলে হারিয়ে যাওয়ার পর নেপালের মাঠে জিতলে আত্মবিশ্বাস আরও বাড়ত কোচের। ফিলিস্তিনে ১৯-২৩ জুলাই এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে যা কাজে লাগাতে পারতেন।

অবশ্য ১৪ জুলাই দোহায় কাতার যুবদলের সঙ্গে আরেকটি প্রস্তুতি ম্যাচ আছে। এরপরই বাংলাদেশ দল ফিলিস্তিনে যাবে। সেই অভিযানে বেরিয়ে কাল যে প্রথম প্রীতি ম্যাচটা খেলল বাংলাদেশ, সেটি দেখতে স্থানীয় অনেক দর্শক এল মাঠে। সাম্প্রতিক বছরে নেপালে ফুটবল মানেই উন্মাদনা, সেটা যে স্তরের ম্যাচই হোক। নেপালের ফুটবলাররা প্রতিদানও দিচ্ছেন। অথচ বছর তিনেক আগে ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যাওয়া নেপালের ফুটবল অবকাঠামো এখনো পুরোপুরি মেরামতই করা হয়নি। দশরথ স্টেডিয়াম এখনো ভাঙাচোরা।

কাঠমান্ডুর উপকণ্ঠে আনফা কমপ্লেক্স একাডেমি মাঠের কৃত্রিম টার্ফে নেপাল একমাত্র গোলটি করেছে ২০ মিনিটে। ডান প্রান্ত ধরে ফরোয়ার্ড বিমল ঘারতি মাগারকে বল ঠেলেন অঞ্জন। বক্সের একটু ভেতর থেকে চকিতে শরীরটা ঘুরিয়ে ডান পা থেকে বলটা বাঁ পায়ে নিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ বিমলের।

এই বিমলের সঙ্গে বাংলাদেশের হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে হল্যান্ডের একটি একাডেমিতে ট্রায়ালে পাঠিয়েছিলেন বাংলাদেশের সাবেক কোচ লোডভিক ডি ক্রুইফ। বিমল এরপর ইউরোপে গেছেন কয়েকবার। কিন্তু হেমন্ত আর সেভাবে এগোতে পারলেন না। আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের তালিকায় ষষ্ঠ স্থানে (১৪ বছর) আছেন বিমল। মাত্র ১৫ বছর বয়সে প্রথম আন্তর্জাতিক গোল করেছেন। নেপালের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক এই ফুটবলার এখন ১৯-এ পা দিয়ে নেপাল অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক। একাডেমি গড়ে নেপাল পেয়েছে বিমলদের মতো ফুটবলার, বাংলাদেশে কোনো একাডেমিই নেই। তাই বাংলাদেশের চেয়ে নেপালই এখন এগিয়ে এবং তারা অনূর্ধ্ব-২৩ এসএ গেমস চ্যাম্পিয়ন।

তবু বাংলাদেশ দল কাল প্রথমার্ধে বল পজেশন রেখে ভালোই করেছে। গোল খেয়ে গা-ঝাড়া দিয়েছে। লক্ষ্যভেদে একটু নিখুঁত থাকতে পারলে অন্তত একটি গোল আসতে পারত। আবদুল্লাহর দুটি ফ্রি-কিক নেপালের গোলরক্ষক আটকে দেন। ৬৯ মিনিটে জাফর ইকবাল দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলের সুযোগ তৈরি করেও পারলেন না। তুলে দেন গোলরক্ষকের হাতে। উল্টো দ্বিতীয় গোলটাও হজম করতে পারত বাংলাদেশ। অতিরিক্ত সময়ে মনে হচ্ছিল, ২-০ বুঝি হয়েই যাচ্ছে। বাংলাদেশ পোস্টে শট রাখতে পেরেছে একবার। নেপাল পাঁচবার।

একসময় ঢাকায় খেলে যাওয়া নেপালের কোচ রাজু সাক্কু ম্যাচ শেষে বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্যের সুরে হলেও যেন আসল কথাটাই বলে দিয়েছেন, ‘বাংলাদেশ ততটা শক্তিশালী দল নয়।’ তবে বাংলাদেশের সঙ্গে খেলে তাঁরা খুশি। বলেছেন, ‘চোটমুক্ত থাকতে আমরা খুব সাবধানী ফুটবল খেলছি।’ বাংলাদেশ কোচ ওর্ডের চোখে দুই দলের পার্থক্য গড়েছেন বিমল।