হারেও আছে প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ বাছাই
বিশ্বকাপ বাছাই

শক্তিশালী কিরগিজস্তানের কাছে ২-০ গোলে হার। তাও শেষ গোলটি আবার খেলার শেষ মুহূর্তে। এটিকে ভালো ফলই বলবেন অনেকে। কিন্তু পরশু রাতে বিশকেক থেকে ঢাকায় ফেরা বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুলের কণ্ঠে একটা আফসোসও আছে, ‘ম্যাচটি ১-১ গোলে ড্রও হতে পারত!’
গত জুনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যে কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ, সেই দলটি আরও ভয়ংকর হয়ে উঠতে পারত দেশের মাটিতে। কিন্তু চেনা পরিবেশে নিজেদের দর্শক সমর্থন পেয়েও বাংলাদেশকে একেবারেই ভেঙেচুরে ফেলতে পারেনি। এখানে মামুনুলের একটা তৃপ্তি আছে, ‘ওরা যতটা শক্তিশালী, সেই হিসেবে আমরাই বরং ভালো ফুটবল খেলেছি। কোচ আমাদের পারফরম্যান্সে খুশি।’
নতুন কোচ ফাবিও লোপেজের প্রথম পরীক্ষাই ছিল এই ম্যাচটি। দলের দায়িত্ব নিয়ে মামুনুলকে খেলিয়েছেন নতুন পজিশনে। প্লেমেকার মামুনুল এই প্রথম খেলেছেন উইঙ্গার হিসেবে। নতুন পজিশন নিয়ে কোনো আক্ষেপ নেই দেশসেরা মিডফিল্ডারের, ‘দেশের জন্য অনেক সময় অনেক স্যাক্রিফাইস করতে হয়। আমাকে কোচ যেখানে খেলাবেন, সেখানেই খেলতে হবে। যেখানেই খেলি না কেন, আমার লক্ষ্যই থাকে ভালো পারফর্ম করে টিকে থাকা।’
কোচ আবদুল বাতেন মজুমদার কোমলকেও খেলিয়েছেন ভিন্ন পজিশনে। কোমল মূলত ফরোয়ার্ড, কিন্তু কিরগিজস্তানের মাঠে খেলেছেন রক্ষণভাগে। এই পজিশনে নিজেকে মানিয়ে নিতে কোমলেরও কোনো সমস্যা হয়নি, ‘আমি আবাহনীতে বেশির ভাগ সময়ই এই পজিশনে খেলেছি। তাই আমার কোনো সমস্যা হয়নি।’
ম্যাচে বাংলাদেশ ভালো খেলেও হেরেছে। কোমলের মূল্যায়ন, বাজে দুটি গোলেই হয়েছে সর্বনাশটা, ‘কিরগিজস্তান অনেক শক্তিশালী। সেই তুলনায় আমরা ওদের মাটিতে গিয়ে অনেক ভালো খেলেছি। যে দুটি গোল খেয়েছি, একটিও গোল হওয়ার মতো ছিল না। ওরা গোলের কোনো ভালো সুযোগ তৈরিই করতে পারেনি।’
দলনেতা হিসেবে খুব কাছ থেকে ম্যাচটি দেখেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ইকবাল হোসেন। তৃপ্তি নিয়ে ফিরেছেন তিনিও, ‘ঢাকার তুলনায় কিরগিজস্তানে অনেক ভালো খেলছে বাংলাদেশ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে বেশি ভালো খেলেছে সবাই। দুটি নিশ্চিত সুযোগ নষ্ট হয়েছে আমাদের।’
এ ম্যাচে কোচ ফাবিও লোপেজ খুশি বলে জানিয়েছেন ইকবাল। কোচ খুশি, কেননা তাঁর কৌশলের সঙ্গে দ্রুতই মানিয়ে নিতে পেরেছে দল। দলের সঙ্গে অবশ্য ঢাকায় ফেরেননি লোপেজ। ইতালি থেকে তাঁর স্ত্রী-সন্তান গিয়েছিল বিশকেক। পরিবারের সঙ্গে গেছেন ইতালিতে, সেখানে ছুটি কাটিয়ে কোচ বাংলাদেশে ফিরবেন ১৯ অক্টোবর। ঢাকায় এসেই চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টের খেলা দেখতে যাওয়ার কথা তাঁর। কোচের পারফরম্যান্স নিয়ে খুব বেশি কাটাছেঁড়া করতে রাজি নন ইকবাল, ‘প্রতিটি কোচেরই নিজস্ব কিছু ধরন থাকে। এ জন্যই ও দু-একজনকে জায়গা বদলিয়ে খেলিয়েছে। তবে কোচ বলেছে ছেলেরা যথেষ্ট চেষ্টা করেছে। মাত্র ২২ দিনের অনুশীলনে একজন কোচকে মূল্যায়ন করা যায় না।’
খেলোয়াড়দের সঙ্গে কথা বলে মনে হলো কিরগিজস্তানের কাছে হেরেও অন্তত দুটি প্রাপ্তি নিয়েই ফিরেছে বাংলাদেশ দল। প্রথমত এই আত্মবিশ্বাস যে বিদেশের মাঠে বৈরী কন্ডিশনেও দলের লড়াই করার প্রত্যয়। দ্বিতীয় প্রাপ্তিটা ধরতে গেলে নগদ—অনেক নিচে নেমে যাওয়া ফিফা র্যাঙ্কিংটা নিশ্চিত বাড়তে চলেছে। আর এই প্রাপ্তি বিশ্বকাপ বাছাইপর্বের সামনের ম্যাচগুলোতে কাজে লাগবে বলেই মনে করছে বাফুফে।
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের পরের ম্যাচটি তাজিকিস্তানের সঙ্গে দুশানবেতে, ১২ নভেম্বর। এরপরই আসার কথা অস্ট্রেলিয়ার, ঢাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি নির্ধারিত ১৭ নভেম্বর।