হারের ঘেরাটোপেই শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইমাত্র দারুণ এক গোল করে চট্টগ্রাম আবাহনীকে প্রথমে এগিয়ে দিলেন ইব্রাহিম। তাঁকে নিয়ে তাই শুরু হয়ে গেল সতীর্থদের উদ্‌যাপন। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে কাল প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারিয়েছে শেখ রাসেলকে l ছবি: সৌরভ দাশ
এইমাত্র দারুণ এক গোল করে চট্টগ্রাম আবাহনীকে প্রথমে এগিয়ে দিলেন ইব্রাহিম। তাঁকে নিয়ে তাই শুরু হয়ে গেল সতীর্থদের উদ্‌যাপন। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে কাল প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারিয়েছে শেখ রাসেলকে l ছবি: সৌরভ দাশ

চারপাশ শান্ত হয়ে এসেছে। রাত ১০টার পর শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবলাররা এমএ আজিজ স্টেডিয়াম ছেড়ে গেলেন একরাশ হতাশা সঙ্গী করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের মলিন মুখগুলোতে অন্ধকার আরও গাঢ়। লিগের প্রথম তিন ম্যাচই হেরে যাওয়া দলের অন্দরে বইতে থাকে ঝোড়ো হাওয়াও।
উত্তর বারিধারার কাছে প্রথম ম্যাচে হার যদি শেখ রাসেলের জন্য সতর্কসংকেত হয়ে থাকে, রহমতগঞ্জ সেই সংকেতটাকে উন্নীত করেছিল ৭ নম্বর বিপৎসংকেতে। এই দলটির কাছে হার ২-০ গোলে। পরাজয়ের বৃত্তটা আরও ভরাট করে কাল চট্টগ্রাম আবাহনী শেখ রাসেলের সামনে টানিয়ে দিল ১০ নম্বর মহাবিপদ সংকেত। এবার মারুফুল হকের দল হারল ২-১ গোলে। ফেডারেশন কাপের সেমিফাইনাল ধরলে টানা চার হারের বোঝা বিষমভাবে জেঁকে বসেছে ঘরোয়া ফুটবলে এবার সবচেয়ে বড় বাজেটের দলটির ওপর।
চট্টগ্রাম আবাহনীকে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে দেন কক্সবাজারের ছেলে ইব্রাহিম। ডান প্রান্ত ধরে রুবেল মিয়ার ক্রস শেখ রাসেলের গোলরক্ষক আশরাফুল ঠিকমতো ধরতে পারেনি। বক্সে ওত পেতে থাকা ইব্রাহিম ভুল না করে বল ঠেলেন জালে। পিছিয়ে পড়া শেখ রাসেলকে আলো দেখাতে এবার জ্বলে উঠলেন জামাল ভূঁইয়া। মৌসুমে ১৩তম ম্যাচে এসে গোল পেলেন জামাল, যদিও গোল করা তাঁর মূল কাজ নয়। জটলার মধ্যে কোনাকুনি শটে এই ডিফেন্সিভ মিডফিল্ডার লক্ষ্যভেদ করতেই ক্ষণিকের জন্য একটু নড়েচড়ে বসে শেখ রাসেল। এটি এই লিগে রাসেলেরও প্রথম গোল।
কিন্তু সমতা ফিরিয়েও শেষ রক্ষা হয়নি। কালই লিগে প্রথম খেলতে নামা ফিকরু গোল পেতে পেতেও একবার পাননি। তবে ৮৮ মিনিটে শেখ রাসেলের অফসাইড ফাঁদ এড়িয়ে মামুনুলের থ্রু ধরে লিওনেল প্লেসিং করতে ভুল করেননি (২-১)। শেষ মুহূর্তে গোল খেয়ে এই হারের জন্য প্লে মেকার পল এমিলির ৭৬ মিনিটে পাওয়া চোটকেই বেশি দায়ী করলেন মারুফ, ‘পল না থাকায় ওরা রক্ষণ ছেড়ে ওপরে উঠে আসে এবং জয়সূচক গোলটা পেয়ে যায়।’ তবে গোল নিয়ে মারুফের আছে আপত্তি, ‘ওটা অফসাইড ছিল। লিওনেল অনেকটা ভেতরে থাকলেও সহকারী রেফারি সেটা দেখেননি। তাঁর উচিত ছিল অফসাইডের পতাকা তোলা।’ তবে মাঠে অফসাইড নিয়ে খুব একটা আপত্তি করতে দেখা যায়নি শেখ রাসেলের খেলোয়াড় বা অন্য কাউকে।
সব এক পাশে রেখে মারুফ বরং আবারও সেই আশার গানই গাইলেন, ‘ফিকরু পুরোপুরি ফিটনেস পাবে, পলও ফিরবে। আশা করি সমস্যা হবে না সামনের ম্যাচগুলোতে।’ মারুফ আশা দেখছেন কারণ তাঁর দল খারাপ খেলেনি কাল। প্রথমার্ধে বল পজেশন ভালোই রেখেছে, সুযোগও এসেছে। দ্বিতীয়ার্ধেও সুযোগ এসেছে। অ্যাওয়ে ম্যাচ বলে একটু প্রতি-আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল শেষ দিকে।
চট্টগ্রাম আবাহনী দ্বিতীয়ার্ধে যেভাবে খেলছিল, জয়টা তাদের পরিশ্রমেরই ফল। কোচ যোসেফ পাভলিক ডাগআউটে হাত-পা ছুড়ে বা কখনো দৌড়ে যা করলেন সেটি ছিল দেখার মতো। শেষ ক্ষণে তাঁকে মাঠে বাইরে পাঠান রেফারি। তবে এসব ছাপিয়ে বলা যায়, জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা ম্যাচই দেখলেন দর্শকেরা।