হারের বৃত্তেই ইউনাইটেড

হোসে মরিনহো বলেছিলেন, খেলোয়াড়েরা বিশ্বাসঘাতকতা করেছে। লুই ফন গাল সেই অজুহাতও দিতে পারছেন না। নিজের নেওয়া সিদ্ধান্তেই কপাল পুড়ছে ডাচ কোচের। ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ-আউট থেকে সম্ভবত সরেই যেতে হচ্ছে তাঁকে। কাল স্টোক সিটির কাছেও যে হারতে হলো ইউনাইটেডকে।

৫৩ বছর পর টানা চারটি প্রতিযোগিতামূলক ম্যাচে হারল ইউনাইটেড। এখানেই থামলে কথা ছিল, টানা সাত ম্যাচ জয়শূন্য থেকে ২৬ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে তারা গড়ল নতুন রেকর্ড—প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর এই প্রথম ‘বক্সিং ডে’ ম্যাচে হার।
মাঠে ইদানীং বিরক্তিকর সমন্বয়হীন ফুটবলই খেলেছে ইউনাইটেড। আক্রমণাত্মক ফুটবলের ছিটেফোঁটাও নেই। দু-একটি আক্রমণের দেখা মিললেও ভালো স্ট্রাইকারের অভাবে তা নিষ্ফল। গত ১৪ ম্যাচে ১১ গোল পেয়েছে ইউনাইটেড। যেখানে এই মৌসুমে ইউনাইটেড ছেড়ে চলে যাওয়া হাভিয়ের হার্নান্দেজই করেছেন ১৭ গোল।
উল্টো দিকে স্টোক সিটি খেলেছে দুর্দান্ত। প্রথম থেকেই গোছানো ফুটবল ও দুরন্ত গতির আক্রমণের মিশেলে ইউনাইটেড রক্ষণকে কাঁপিয়ে দিয়েছে তারা। প্রথমার্ধের দুই গোলেই জয় নিশ্চিত করে স্বাগতিক দল। ৯ মিনিটের ব্যবধানে বোজান কিরকিচ ও মার্কো আর্নাওতোভিচের গোলেই লিগে হারের হ্যাটট্রিক ইউনাইটেডের।
এবার ইউনাইটেডের এমন হারই স্বাভাবিক। কিন্তু কাল ‘অঘটন’ ঘটিয়েছে ক্লপের লিভারপুল। ক্রিস্টিয়ান বেনটেকের ৬৩ মিনিটের গোলে লেস্টার সিটিকে হারিয়েছে ‘অল রেড’রা। লিগে লেস্টারের এটি দ্বিতীয় হার, তিন মাস আগে আর্সেনালের বিপক্ষে সর্বশেষ হেরেছিল তারা। লেস্টারের বিপক্ষের এই জয়ে লিগের অস্টম স্থানে উঠে গেছে লিভারপুল। সান্ডারল্যান্ডকে ৪-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। ইউনাইটেড নেমে গেছে ষষ্ঠ স্থানে। স্টার স্পোর্টস
এক নজরে
স্টোক সিটি ২ : ০ ইউনাইটেড
লিভারপুল ১ : ০ লেস্টার সিটি
ম্যান সিটি ৪ : ১ সান্ডারল্যান্ড
চেলসি ২ : ২ ওয়াটফোর্ড
স্বাগতিক দল প্রথমে