হারের সঙ্গেই সখ্য চেলসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসির হোঁচট খাওয়া এবার মোটামুটি নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। নিজেদের মাঠে পরাজয়টাও এই মৌসুমে হোসে মরিনহোর বেশ সয়ে গেছে। পরশু বোর্নমাউথের কাছে ১-০ গোলের হার নিয়ে আগের মতো তোলপাড়ও হলো না। অপেক্ষা ছিল, মরিনহো এবার আত্মপক্ষ সমর্থনে কী বলেন সেটা দেখার। পেনাল্টি না দেওয়ার জন্য চেলসির কোচ স্বভাবসুলভভাবে রেফারির দিকে আঙুল তুলেছেন। তবে স্বীকার করে নিয়েছেন, এই মৌসুমে শীর্ষ চারে থাকাটা এখন কঠিন, বরং শীর্ষ ছয়ে থাকাই লক্ষ্য হওয়া উচিত।
১৫ ম্যাচে আট হারের পর যে দল ১৪ নম্বরে, তাদের শীর্ষ দশে থাকাটাই কঠিন। আর সেখানে শীর্ষ চার একরকম ‘মিশন ইমপসিবল’। মরিনহো এবার একটু মাটিতে পা রাখছেন, ‘শীর্ষ চারে থাকাটাই আমাদের লক্ষ্য। এই ম্যাচের আগে সে রকম কিছু ভাবাটাই বাস্তবসম্মত ছিল। কিন্তু এখন হয়তো আমাদের শীর্ষ ছয়ের ব্যাপারে চিন্তা করতে হবে।’ ডিয়েগো কস্তার একটা পেনাল্টি না দেওয়ার জন্য রেফারিং নিয়েও প্রশ্ন তুলেছেন। কিন্তু অবনমন অঞ্চল থেকে দল যখন মাত্র ৩ পয়েন্ট ওপরে, একটু হলেও নেমে যাওয়ার শঙ্কা তো এসেই যায়। তবে মরিনহো দলকে তেমন বিপদের মধ্যে আবার দেখছেন না, ‘চেলসির অবনমনের সঙ্গে লড়াই করার কোনো সম্ভাবনা নেই।’
কিন্তু বাস্তবতা হলো এমন চলতে থাকলে চেলসির সামনে তো বিপদই! এএফপি, বিবিসি।