হাল্ক ফিরলেন, জয় করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলে ফিরেই ‘বীর’ হাল্ক। ছবি: এএফপি।
দলে ফিরেই ‘বীর’ হাল্ক। ছবি: এএফপি।

ব্রাজিলের বিশ্বকাপ বিপর্যয় অনেকের মতোই ব্রাত্য বানিয়েছিল হাল্ককে। সর্বশেষ ১৫ মাস তিনি ব্রাজিল দলের ধারেকাছেও ঘেঁষতে পারেননি। সেই হাল্ককে কী মনে করে যে দলে ফিরিয়েছিলেন কোচ কার্লোস দুঙ্গা। দলে ফিরেই ‘বীর’ তিনি। তাঁর গোলেই শনিবার রাতে প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে পরের মাসে সান্তিয়াগোর মাঠে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে নিজেদের ঝালিয়ে নিতেই এই প্রীতি ম্যাচ। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মোটামুটি খেলেও একটির বেশি গোলের দেখা পায়নি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচে নেইমার ছিলেন। বিশ্বকাপ বাছাইয়ের আগে পরের প্রীতি ম্যাচেও তিনি থাকবেন। কিন্তু খেলতে পারবেন না চিলির বিপক্ষে। কোপা আমেরিকায় উরুগুয়ের বিপক্ষে অভব্য আচরণের জন্য ইতিমধ্যেই দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন তিনি। তবে তাঁর সেই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য নয়। কাল খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে তাঁকে মাঠে নামিয়েছিলেন দুঙ্গা।
খেলার শুরুটা ব্রাজিল করেছিল দারুণ প্রত্যয়ের সঙ্গে আক্রমণাত্মক মেজাজেই। ম্যাচের শুরুতেই হাল্কের একটি ফ্রি-কিক ফিরিয়ে দেন কোস্টারিকার গোলরক্ষক প্যাট্রিক পেমবার্টন। রিয়াল মাদ্রিদ তারকা কেইলর নাভাসের জায়গায় কাল মাঠে নেমেছিলেন এই পেম বার্টন। সপ্তম মিনিটে ডেভিড লুইজের একটি শটও ফেরান তিনি। দশম মিনিটে গোল আদায় করে নেয় ব্রাজিল। কোস্টারিকার পোস্টে ঢুকে হাল্ক বোকা বানান কোস্টারিকার ডিফেন্ডার গিয়ানকার্লো গঞ্জালেসকে। ১৬ মিনিটে ফারমানদিনহোর তীব্র শট ফিরিয়ে দেন পেমবার্টন।
কোস্টারিকার রক্ষণের সামনে এসে বাধা পাচ্ছিল ব্রাজিলীয় ফরোয়ার্ডদের আক্রমণগুলো। কিন্তু এর মধ্যেই ব্রাজিলের রক্ষণে কয়েকবার আতঙ্ক ছড়ায় কোস্টারিকা। ৫৫ মিনিটে ব্রায়ান রুইজের একটি গোল অফ সাইডের কারণে বাতিল করে দেন রেফারি।
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর এই প্রথম ব্রাজিল কোনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামল। আগামী মঙ্গলবার ম্যাসাচুসেটসের ফলসবার্গের জিলেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরও একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে চিলির পরপরই সেলেসাওরা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। সূত্র: এএফপি।