হাসপাতাল থেকে সাইফ-ফুটবলারের আবেগঘন বার্তা

স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে মোহাম্মদ আল আমিনকে। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে সেমিতে এক ট্যাকলে তাঁর পা ভেঙে যায়। হাসপাতালে শুয়ে তিনি এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭ সালের কথা। ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত এক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে থেকেও ৪ গোল ফেরত দিয়েছিল বাংলাদেশ। জিতেছিল ৪-৩ গোলে। সেই দলেরই সহঅধিনায়ক ছিলেন মোহাম্মদ আল আমিন।

প্রতিভাবান সেই উদীয়মান ফুটবলারকে চিনে নিয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। চার বছরের চুক্তিতে দলভুক্ত করেছিল তাঁকে। তাঁকে ঘষেমেজে পরিণত করার দায়িত্বটা নিয়েছিল এ ক্লাবটিই। নিজেরা ভবিষ্যতের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের বড় অনুষঙ্গ হয়ে ছিলেন সেই আল আমিন। কেবল সাইফই নয়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভবিষ্যতের তারকা হওয়ার পথে ভালোই এগিয়েছিলেন তিনি। নিজের প্রতিভাকে করেছিলেন আরও উজ্জ্বল। আজ সেই সাইফ যখন ফেডারেশন কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণে বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামবে, আল আমিন তখন পায়ে প্লাস্টার করে শুয়ে থাকবেন।

ফেডারেশন কাপের সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হয়েছিল সাইফ। চট্টগ্রামের আবাহনীকে ৩-০ গোলে উড়িয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট পায় করপোরেট ক্লাবটি। সে ম্যাচেই বল দখলের লড়াইয়ে আল আমিনকে ট্যাকল করেন প্রতিপক্ষ মিডফিল্ডার চার্লস দিদিয়ের। মাটিতে লুটিয়ে পড়েন আল আমিন। মাঠ থেকেই হাসপাতালে নেওয়া হলে দেখা যায় ডান পায়ের ‘শিন বোন’ ভেঙে গিয়েছে। অস্ত্রোপচার করে তিনি এখন আছেন এভারকেয়ার হাসপাতালে। আজ অবশ্য তাঁর হাসপাতাল ছাড়ার সম্ভাবনা আছে।

পায়ে প্লাস্টার করে হাসপাতালের বিছানায় শুয়ে আল আমিন।
ছবি: সংগৃহীত।

উদীয়মান আল আমিন খেলেছেন অনূর্ধ্ব-২৩ জাতীয় দলেও। জেমি ডে তাঁকে একবার ডেকে নিয়েছে মূল জাতীয় দলের ক্যাম্পেও। ক্লাবের নির্ভরতার জায়গাতেই ছিলেন তিনি। আজ ফেডারেশন কাপের ফাইনালে সাইফের শিরোপা জয়ের অন্যতম প্রধান অস্ত্রই হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তাঁকেই হতে হলো এমন দুর্ভাগ্যের শিকার। তবে আল আমিন স্বপ্ন আঁকেন দলের শিরোপা জয়ের। কাল হাসপাতাল থেকেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সতীর্থদের উদ্দেশে একটি বার্তা পাঠিয়েছেন আল আমিন। সেখানে আছে ফেডারেশন কাপ জয়ের আকুতি—

‘প্রিয় সতীর্থ, সকলকে কালকের ম্যাচের জন্য আগাম শুভেচ্ছা। গত ৩ বছরের কষ্টের ফসল আগামীকালের এই ফাইনাল। আমারও খুব ইচ্ছা ছিল খেলার। কিন্তু স্বয়ং বিধাতা অন্যভাবে চিন্তা করেছেন। কেউ মন খারাপ কোরো না। আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি। আমি তোমাদের সাফল্য কামনা করছি। জয়ী হয়ে আসো—এই কামনা করি। দেখা হবে বিজয়ে ইনশা আল্লাহ। বসে রইলাম তোমাদের জয়ের প্রতীক্ষায়! আমার কানগুলো সজাগ থাকবে এইটা শোনার জন্য যে আল আমিন আমরা পেরেছি। আবারও কালকের ম্যাচের জন্য শুভকামনা।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়। হাসপাতাল বা ক্লাব যেখানেই থাকুক আল আমিন, তাঁর চোখটা থাকবে টিভির পর্দায়।