হাসপাতালই যাঁর ঠিকানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেখতে তিনি পালোয়ানের মতো। খেলেনও দুর্দান্ত, বর্তমান সময়ের সেরা ডিফেন্ডারদের একজন ভিনসেন্ট কোম্পানি। কিন্তু এই ডাকাবুকো শরীরটার ভাগ্যেই যেন ফুটবল মাঠের চেয়ে হাসপাতালে সময় কাটানোর যোগ বেশি। কদিন আগেই বেলজিয়ান এক পত্রিকা একটা হিসাব দিয়েছে, যা শুনলে কোম্পানির দুর্ভাগ্যের একটু ধারণা পাবেন। ১৩ বছরের ক্যারিয়ারে চোটের কারণে ১০৪৫ দিনই হাসপাতালে কেটেছে কোম্পানির। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে নামতে হচ্ছে আরও একবার, এবারের লড়াই তাঁর জন্য একটু বেশিই হতাশার। চোটের কারণে জুনে শুরু হতে যাওয়া ইউরোতে খেলতে পারছেন না কোম্পানি।
রিয়াল মাদ্রিদের মাঠে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ১০ মিনিটেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন। কুঁচকির ওই চোটই নিশ্চিত করে দিল, ফ্রান্স ইউরোতে ‘দর্শকের’ তালিকায় জার্মানির ইলকায় গুন্ডোয়ান ও ইতালির অ্যালেসিও চের্চির সঙ্গে থাকছে কোম্পানির নামও। ঘোষণাটা নিজেই ফেসবুক পেজে দিয়েছেন ম্যানচেস্টার সিটি অধিনায়ক, ‘ইউরোতে খেলতে পারব না। আমার জন্য অনেক দুঃখের ব্যাপার।’
দুঃখটা এবার বেশি, কারণ মাত্রই ২২ দিন আগে একবার চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন কোম্পানি। মৌসুমজুড়েই চোটের সঙ্গে চলেছে এই ‘লুকোচুরি’। পাঁচটি ভিন্ন ধরনের চোটে পড়ে মৌসুমে সিটির ৫৭ ম্যাচের মাত্র ২২টিতেই মাঠে নামতে পেরেছিলেন। অবস্থা এমন পর্যায়ে গেছে যে, শারীরিক গড়নের ‘ভঙ্গুর’ অবস্থার কারণে মাত্র ৩০ বছর বয়সেই তাঁর ক্যারিয়ার শেষ হওয়ার শঙ্কা!

খেলোয়াড় হিসেবে শঙ্কাটা তাঁর টের পাওয়ারই কথা। মাদ্রিদ ম্যাচে মাঠ ছাড়তে হওয়ার পরই ছুটে গিয়েছিলেন বার্সেলোনায় এক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। এখনো হাসপাতালেই আছেন, তবে শারীরিক অসুস্থতা যেন তাঁর চোয়ালকে করে তুলেছে আরও প্রতিজ্ঞাবদ্ধ, ‘এখানে ঠায় দাঁড়িয়ে নিজেকে অসহায় ভাবতে পারি। ক্যারিয়ার নিয়ে ভয়ও পেতে পারি, যেমনটা সবাই পাচ্ছে। তবে তেমন লোক আমি নই। হাসপাতালের বিছানায় বসে লিখছি, কখনোই হার মানব না।’ এএফপি।