হাসপাতালে জামাল ভূঁইয়া

২৩ ডিসেম্বর থেকে ভারতের কেরালায় শুরু সাফ ফুটবল। হাতে সময় সপ্তাহ দুয়েকের মতো। এ সময়ই কিনা চোট আর অসুস্থতা হানা দিল বিকেএসপিতে সাফ ফুটবলের অনুশীলন ক্যাম্পে। চোটের জন্য অনুশীলন করতে পারছেন না ডিফেন্ডার কেষ্ট কুমার, মিডফিল্ডার আবদুল বাতেন কোমল। কেষ্টর ঊরুতে চোট আর কোমলের বাঁ হাঁটুতে ব্যথা। হাঁটুর চোট কাটিয়ে উঠে কালই অবশ্য প্রথম বল নিয়ে অনুশীলন করেছেন স্ট্রাইকার জাহিদ হোসেন এমিলি।
এটি যদি হয় সুখবর, তাহলে পিঠোপিঠি একটি খারাপ খবরও আছে। এমিলির ফেরার আগের দিন বিকেএসপির ক্যাম্প ছেড়ে আসতে হয়েছে মিডফিল্ডার জামাল ভূঁইয়াকে।
কয়েক দিন ধরে পেটের পীড়ায় ভুগতে থাকা জামালকে শেষ পর্যন্ত পরশু উত্তরার একটি হাসপাতালেই ভর্তি করতে হয়েছে। তাঁর বেশ কয়েকবার বমি হয়েছে, জ্বরও আছে। তবে তাঁর অবস্থা গুরুতর নয় বলেই জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, ‘গতকালই (পরশু) ওকে আমরা হাসপাতালে নিয়েছি। আজ চিকিৎসকেরা ওর জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছেন। ওর কিছু পরীক্ষা-নিরীক্ষা লাগবে। রিপোর্টগুলো হাতে পেলে বোঝা যাবে অন্য কোথাও জামালের উন্নত চিকিৎসা লাগবে কি না।’