হাসপাতালে ফুটবলের সিরাজুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিরাজুল ইসলাম (বাচ্চু) l প্রথম আলো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিরাজুল ইসলাম (বাচ্চু) l প্রথম আলো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৭ নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর বেডে চুপচাপ শুয়ে আছেন তিনি। প্রথম দেখে পরিচিত যে কারোরই চিনতে কষ্ট হবে। ইনিই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তা সিরাজুল ইসলাম (বাচ্চু)! মাত্র কদিন আগেও যিনি ছিলেন ফুটবলের সবচেয়ে সক্রিয় সংগঠকদের একজন, হাসপাতালের বিছানায় তাঁকে এ রকম দেখতে পাওয়াটা অচিন্তনীয়। স্বাস্থ্যবান মানুষটি শুকিয়ে কাঠ হয়ে গেছেন। কাউকে চিনতে পারছেন না।
সিরাজুল ইসলামের দুটো কিডনিই অকেজো হয়ে গেছে। কিছুদিন ধরে ভোগাচ্ছে পায়ুপথের ফোড়া। এ জন্য কালই জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার করেছেন চিকিৎসকেরা। কিডনি জটিলতার কারণে ১৫ মাস ধরে নিয়মিত ডায়ালাইসিস করে চলেছেন। গত ঈদের পর ডায়রিয়া হলে স্বাস্থ্যের আরও অবনতি ঘটে। কদিন হলো অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে স্বজনেরা কাল তাঁকে দ্রুত ভর্তি করেন ঢাকা মেডিকেলে।
স্বজন বলতে ছোট ভাই আমিনুর রহমান এবং চিকিৎসক ভাতিজা শাহীনুর হোসেন পারভেজ। চিরকুমার সিরাজুল ইসলামকে নিয়ে হাসপাতালে সারাক্ষণ ছোটাছুটি করছেন এঁরাই। শাহীনুরই জানালেন, ‘চাচার দুটি কিডনি অকেজো হয়ে গেছে। এখন ফোড়া হওয়ায় কোনো খাবারই খেতে পারছেন না। অপারেশনের পর আশা করছি তাঁর স্বাস্থ্যের উন্নতি হবে।’
৬৮ বছর বয়সী সিরাজুল ইসলাম বর্তমানে বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান। ১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত বাফুফের নির্বাহী কমিটিতে আছেন (মাঝে তিন বছর ছাড়া)। ২০০০ সালে হয়েছিলেন সাফের সাধারণ সম্পাদক। এএফসির বিভিন্ন প্রতিযোগিতায় ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেছেন। ওয়ারী ক্লাবের আজীবন সদস্য, আজীবন সদস্য বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিরও। নিয়মিত কলাম লিখেছেন দৈনিক ইত্তেফাক ও সংবাদ-এ।
সিরাজুল ইসলামের এই দুঃসময়ে উল্লেখযোগ্য কোনো ক্রীড়া সংগঠক বা কর্মকর্তাদের দেখা পাওয়া ভার। কাছের দু-একজন ছাড়া কেউ খোঁজখবরও নেন না। এসব দেখে হতাশ আমিনুর, ‘ভাইয়ের এমন অবস্থা দেখলে মনে হয় খেলাধুলার জগতে আর কেউ আসবে না।’
উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া কিংবা স্বাস্থ্যের প্রতি আরেকটু যত্ন নেওয়ারও যেন কেউ নেই সিরাজুল ইসলামের। ঢাকা মেডিকেলের সাবেক ছাত্র শাহীনুরই চাচার জন্য যা একটু দৌড়াদৌড়ি করছেন।
ভাগ্যিস একজন চিকিৎসক ভাতিজা আছেন সিরাজুল ইসলামের!