হাসপাতালে ব্ল্যাটার
ফিফা থেকে ৯০ দিনের নিষেধাজ্ঞা পেয়েছেন। কিন্তু দুর্নীতির অভিযোগ নিয়ে বিভিন্ন পক্ষের চাপ তো সব সময়ই ছিল। চাপটা এমনই যে, শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পড়েছেন ফিফার নিষিদ্ধ সভাপতি সেপ ব্ল্যাটার। স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে যেতে হয়েছে হাসপাতালেও।
১৯৯৮ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্বে থাকা ব্ল্যাটারের সাবেক জনসংযোগ কর্মকর্তা ক্লস স্টোয়েলকার জানিয়েছেন, দুর্নীতির অভিযোগ নিয়ে দৌড়াদৌড়িতে একটু অসুস্থ হয়ে পড়েছেন ৭৯ বছর বয়সী সুইস ফুটবল কর্মকর্তা। অবশ্য হাসপাতালে যেতে হওয়ার ব্যাপারটি অস্বীকার করেছেন স্টোয়েলকার। তাঁর দাবি, হাসপাতালে নয়, ঘরেই চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন ব্ল্যাটার।
তবে ব্ল্যাটারের যুক্তরাষ্ট্রভিত্তিক আইনজীবী রিচার্ড কুলেন আরেক বিবৃতিতে জানিয়েছেন, স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালেই গেছেন ব্ল্যাটার। কয়েক দিন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন তিনি। রয়টার্স।