হাসপাতালে সাবেক ফুটবলার নকীব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্য দিনের মতো পরশু বিকেলেও সোনালী অতীত ক্লাবে সাবেক সতীর্থদের সঙ্গে ফুটবল খেলছিলেন। কিন্তু খেলা শেষে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকীব। পরে তাঁকে দ্রুত শাহবাগে বারডেম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এনজিওগ্রাম করার পর তাঁর হৃৎপিণ্ডে দুটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকেরা পরে রিং পরান।
নকীব এখন আশঙ্কামুক্ত বলেই জানিয়েছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক, ‘আমরা আজ সারা দিন হাসপাতালেই ছিলাম। আল্লাহর রহমতে এখন উনি আশঙ্কামুক্ত। কাল সোনালী অতীত ক্লাবে খেলা শেষে বাইরে কিছু খেতে গিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁর স্ত্রীকে খবর দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়।’
১৯৯০ থেকে ২০০০ পর্যন্ত টানা জাতীয় দলে খেলেছেন নকীব। ঘরোয়া ফুটবলে খেলেছেন মোহামেডান ও মুক্তিযোদ্ধার জার্সিতে।