গতকাল বিশ্ব মেতেছিল স্প্যানিশ সুপার কাপ নিয়ে। সৌদি আরবে সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। অথচ কাল রাতে সৌদি আরবেই হতে পারত আরেকটি সুপার কাপ। ইতালিয়ান সুপার কাপে কাল যে মুখোমুখি হলো ইন্টার মিলান ও জুভেন্টাস, সেই ম্যাচটিও যে সৌদি আরবের আরেক ভেন্যু জেদ্দায় হওয়ার কথা ছিল। ২০২০ সালে স্প্যানিশ ফুটবল ফেডারেশন সৌদি আরবে সুপার কাপ আয়োজন করার এক বছর আগ থেকেই যে পথ দেখিয়েছে ইতালিয়ানরা।
এবার চুক্তির শর্তে বনিবনা হয়নি বলে আর ইতালিয়ান সুপার কাপ দেখা হয়নি সৌদিবাসীর। কিন্তু ম্যাচের উত্তেজনার দিক থেকে কাল রিয়াল-বার্সা দ্বৈরথকে ছাপিয়ে গেছে জুভেন্টাস-ইন্টার লড়াই। ১২০ মিনিটের পর গোল করে অ্যালেক্সিজ সানচেজ দলকে শিরোপা এনে দিয়েছেন। ওদিকে সে গোলের পর রেগেমেগে প্রতিপক্ষকে হুমকি ছুড়েছেন জুভেন্টাসের ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি।
গতকাল মূল একাদশে ছিলেন না বোনুচ্চি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হয়। অতিরিক্ত সময়েও নামা হয়নি বোনুচ্চির। ১২০ মিনিটে কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রি পেনাল্টি শুটআউটের জন্য বোনুচ্চিকে নামার প্রস্তুতি নিতে বলেন। শুট আউটে গোল করা দক্ষ এই ডিফেন্ডার যেন নামতে পারেন, সেটা নিশ্চিত করতে নিজের খেলোয়াড়দের বল মাঠের বাইরে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আলেগ্রির
কিন্তু সেটা করতে গিয়ে ভুল করে বসেন আলেক্স সান্দ্রো। আর সে সুযোগ কাজে লাগিয়ে ১২১ মিনিটে গোল করে বসেন সানচেজ। ফলে ম্যাচ আর টাইব্রেকারে গড়ায়নি। এদিকে মাঠে নামার অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে ওদিকে নিশ্চিত জয়ের আগাম উচ্ছ্বাসে মেতেছে ইন্টার মিলান ডাগআউট। ইন্টার মিলানের সচিব ক্রিস্টিয়ানো মৎসিল্লোকে বাঁধভাঙা উল্লাস করতে দেখে নিজেকে আটকে রাখতে পারেননি বোনুচ্চি।
ভিডিওতে দেখা গেছে, উল্লাসরত মৎসিল্লোকে কিছু বলতে বলতে ধাক্কা দিচ্ছেন বোনুচ্চি। দুই সেকেন্ডের সে ভিডিও মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সংবাদমাধ্যম ইল তেম্পো জানিয়েছে, বোনুচ্চিকে বলতে শোনা গেছে, ‘মুখের ওপর হাসবে না বলছি, কী করছ তুমি? একদম খুন করে ফেলব।’ মৎসিল্লোকে এসব বলে ধাক্কা দিচ্ছিলেন বোনুচ্চি। ঘাড় ও কাঁধে চাপড় ও ঘুষি মেরেছেন। উত্তরে মৎসিল্লো নাকি বলেছেন, ‘কী করছ?’ বলে বোনুচ্চিকে সরিয়ে দিচ্ছিলেন।
এ ঘটনা এর বেশি আর এগোয়নি। কিন্তু বিভিন্ন মাধ্যম জানিয়েছে, এরই মধ্যে এই দৃশ্য নিয়ে অভিযোগ করা হয়েছে। এর ফলে লিগের ম্যাচে নিষেধাজ্ঞার মতো শাস্তিও মিলতে পারে বোনুচ্চির।