হাসি ফিরল ওল্ড ট্রাফোর্ডে
ম্যাচ শেষে হোসে মরিনহোর কথায় মিশে থাকল স্বস্তি, ‘আমরা খুশি।’
একে প্রতিপক্ষ নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি, তাদের কোচ আবার পেপ গার্দিওলা। তাদেরই পরশু ১-০ গোলে হারিয়ে লিগ কাপের সেরা আটে উঠে গেল ইউনাইটেড। তবে মরিনহোর খুশিটা ঠিক এ কারণেও নয়। সিটি, গার্দিওলা...এসব নিয়ে এখন ভাবার সময় কই ইউনাইটেড কোচের! তিনি খুশি ওল্ড ট্রাফোর্ডের গুমোট ভাব কাটিয়ে হাসি ফেরাতে পেরে।
কেনই বা খুশি হবেন না! লিগে আগের তিন ম্যাচেই জয়হীন ইউনাইটেড। সর্বশেষ ম্যাচে মরিনহোরই সাবেক ক্লাব চেলসির মাঠ থেকে ফিরতে হয়েছে ৪-০ গোলে হারের লজ্জা নিয়ে। এরপরই ঘরের মাঠে প্রতিপক্ষ সিটি—এর চেয়ে বড় পরীক্ষা আর কী হতে পারে? তাতে ইউনাইটেড পাস করল ৫৪ মিনিটে হুয়ান মাতার গোলে।
পরীক্ষায় উতরে যেতে মরিনহো এতটাই উন্মুখ ছিলেন যে চেলসি ম্যাচের একাদশে বদল আনেন মাত্র চারটি। অন্যদিকে গার্দিওলা সিটির একাদশে বদল এনেছেন নয়টি। ম্যাচে দাপট স্বাভাবিকভাবে বেশি ছিল ইউনাইটেডের। শেষ পর্যন্ত তাই সমর্থকদের মুখে হাসি ফেরানোর স্বস্তি ছুঁয়ে যাচ্ছে মরিনহোকে, ‘খেলোয়াড়েরা সম্ভব সবকিছুই করেছে, জয়টা ওদের প্রাপ্য ছিল। গত সপ্তাহের নেতিবাচক ফলটা সমর্থকদের খারাপ লেগেছে। আজ সুযোগ ছিল সেটি কাটিয়ে দেওয়ার, কারণ নকআউট পর্বে এমন ডার্বিতে জেতার অনুভূতিটা ভালোই।’
তা গার্দিওলা কী ভাবছেন? তাঁর দলও তো সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচে জয়ের দেখা পাননি। সিটি কোচ অবশ্য সব ভুলে প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়েছেন, ‘ইউনাইটেডকে অভিনন্দন, খুব ভালো খেলেছে ওরা।’ আর নিজের দল নির্বাচন নিয়ে কী বলছেন? ‘কোনো অনুশোচনা নেই!’
অন্য ম্যাচে ঘটেছে অঘটন। চেলসিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ওয়েস্ট হাম। এএফপি।