হাসিমুখেই ফিরল ফুটবল দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব বড় কোনো স্বপ্ন ছিল না। নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব এশিয়ান গেমসে ভালো করতে চেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। ছোট্ট সেই লক্ষ্য পূরণ করে দেশে ফিরে বাফুফের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাই পেল ফুটবল দল।
আফগানিস্তানের সঙ্গে ১-০ গোলে জয় দিয়ে গেমস শুরু। পরের দুটি ম্যাচে উজবেকিস্তান ও হংকংয়ের কাছে হার ৩-০ ও ২-১ ব্যবধানে। হংকংয়ের কাছে হার প্রথমবারের মতো এশিয়াডের দ্বিতীয় রাউন্ডে হয়তো যেতে দেয়নি, তবে এই সফর থেকে আত্মবিশ্বাসে কিছু জ্বালানি ভরে নিতে পেরেছে বাংলাদেশ।
অধিনায়ক মামুনুল ইসলাম যেমন বললেন, ‘আমরা কথা দিয়েছি, কিছু অর্জন নিয়ে ফিরব। কথা রেখেছি আমরা। হংকংয়ের সঙ্গে জেতা ম্যাচ হেরে গিয়েছি। সামগ্রিকভাবে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। কোরিয়া গিয়ে গেমস শুরুর আগে ভিয়েতনামের সঙ্গে খেলা প্রস্তুতি ম্যাচটা অনেক কাজে লেগেছে।’
কোচ লোডভিক ডি ক্রুইফের মুখেও একই কথা, ‘আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে না পারলেও সেই সম্ভাবনা জেগেছিল। এটা ইতিবাচক। হঠাৎ করে টুর্নামেন্টে খেলতে না গিয়ে নিয়মিতই বড় ম্যাচ খেলতে হবে। যাতে আবার নতুন করে শুরু করতে না হয়।’
আগামী ২৪ ও ২৭ অক্টোবর যশোর-রাজশাহীতে শ্রীলঙ্কার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই দুটি ম্যাচের কথা শুনে ডি ক্রুইফ বললেন, ‘বাহ্, বেশ ভালোই তো।’