হায় ক্যাসিয়াস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকার ক্যাসিয়াস
ইকার ক্যাসিয়াস

ইকার ক্যাসিয়াস কোনো ভুল করেন না! একসময় এমন প্রশংসাতেই ভাসতেন স্পেনের বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
সেই সময়টা সোনালি অতীত হয়ে গেছে আগেই। নেই সেই অজেয় ভাবমূর্তি। রিয়াল মাদ্রিদের একাদশেই যাঁর জায়গা নড়বড়ে হয়ে গেছে সেই ‘সন্ত’ ক্যাসিয়াস পরশু খেলেন আরেকটি বড় ধাক্কা। স্লোভাকিয়ার বিপক্ষে ইউরো বাছাইয়ে যেভাবে বলের ফ্লাইট মিস করে প্রথম গোলটি হজম করলেন, তাতে তাঁর ভাবমূর্তিতে আরেকটু কালির ছোপই পড়ল।
জিলিনার এই মারাত্মক ভুল অণুবীক্ষণযন্ত্রের আরেকটু নিচে নিয়ে গেল ক্যাসিয়াসকে। পরিসংখ্যান বলছে স্পেনের ইতিহাসে সর্বকালের সেরা গোলরক্ষক তিনিই। ক্যাসিয়াস গোলপোস্টের নিচে ছিলেন এমন ১৫৮ ম্যাচের ৯৩টিতেই কোনো গোল খায়নি স্পেন। কিছুদিন আগ পর্যন্ত একাদশে চোখ বুঝেই যাঁর নাম সবার আগে লেখা যেত সেই ক্যাসিয়াস ব্রাজিল বিশ্বকাপে করে বসলেন বেশ কিছু বড় ভুল। এবার কি জাতীয় দলেও জায়গা হারাবেন ক্যাসিয়াস?
তবে পরশুর ভুলের জন্য ক্যাসিয়াসকে দুষছেন না কোচ দেল বস্ক, ‘সে কিন্তু দারুণ একটি গোলও বাঁচিয়েছে। যে গোলটা খেল সেটা ঠিকঠাক দেখিনি। তবে এটা সত্যি বলটা অদ্ভুত আচরণ করেই কিপারকে বিভ্রান্ত করেছে।’ রয়টার্স, মার্কা।