হায় ফন গাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী হওয়ার কথা, কী হচ্ছে? ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা এখন এমনটা ভাবতেই পারেন। গত মৌসুমের ব্যর্থতা ভুলিয়ে দেবেন নতুন কোচ লুই ফন গাল—সমর্থকেরা আশায় বুক বেঁধেছিলেন। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে আশার বেলুনটা ফুলেছিল আরও। কিন্তু যেই না শুরু হলো মৌসুম, বেলুনটা ফুটো হতে সময় লাগল না। লিগ ও লিগ কাপ মিলিয়ে তিন ম্যাচে দুই হার, অন্যটিতে ড্র। ফল, প্রিমিয়ার লিগের কোন ম্যানেজার বরখাস্ত হতে যাচ্ছেন, এই বাজিতে দর বেড়ে গেছে ফন গালের। পরশু এমকে ডনসের কাছে হারের আগে এই প্রশ্নে ফন গালের পক্ষে উইলিয়াম হিলের বাজির দর ছিল ৬৬-১। কাল সেটাই হয়ে গেল ১২-১। উইলিয়াম হিলের মুখপাত্র রুপার্ট অ্যাডামস ব্যাখ্যা করলেন কেন এমনটা হলো, ‘এটা বোঝায় ম্যানচেস্টার ইউনাইটেড কিছুই জিতবে না এবং মালিকপক্ষ দল পুনর্গঠন করবেন।’ রয়টার্স।