হিগুইতা 'স্করপিয়ন' হতে পারেন এখনো!

জাতীয় দলের হয়ে গোলবার সামলাচ্ছেন আপনি। ডি-বক্সের বাইরে থেকে একটি বল উড়ে এলো আপনারই নাগালে। কী করবেন আপনি। নিশ্চয়ই যত্ন করে তা লুফে নেবেন। কিন্তু আজ থেকে কুড়ি বছর আগে ঠিক এমনই একটি মুহূর্তে পাগুলে এক কাণ্ড করেছিলেন কলম্বিয়ার গোলরক্ষক রেনে হিগুইতা। যেখানে বলটি সোজা হাত দিয়েই ধরা যায়, সেখানে তা না করে দুই পা পেছনের দিকে তুলে অদ্ভুত এক ভঙ্গিতে ফিরিয়েছিলেন তা। বলটি ফেরানোর সময় হিগুইতার শরীর কাঁকড়া-বিছের মতো হয়ে গিয়েছিল দেখে ওটা ফুটবল ইতিহাসে ‘স্করপিয়ন কিক’ হিসেবে বিখ্যাত হয়ে আছে।
দিনটি ছিল ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিক দলের মুখোমুখি কলম্বিয়া। খেলায় তেমন কিছুই হচ্ছিল না, হঠাৎ ইংলিশ মিডফিল্ডার জেমি রেডনাপ ডি-বক্সের একটু বাইরে থেকে গোলবার লক্ষ্য করে শট নিলেন। খুব সাধারণ একটি শট, কলম্বিয়ার গোলরক্ষকের হাতের লাগালেই ছিল তা। এ অবস্থায় হিগুইতার কী হয়েছিল কে জানে! নিজেকে ‘কাঁকড়া-বিছে’ বানিয়ে অবিশ্বাস্য এক কায়দায় সেই শটটি ফেরালেন তিনি। ওয়েম্বলিতে সেদিন উপস্থিত ৬০ হাজার দর্শকের অনেকেই সেদিন নিজেদের চোখ কচলে দেখেছিলেন। গোলপোস্টে দাঁড়িয়ে এমন খ্যাপাটে কাণ্ড কীভাবে করেন একজন গোলরক্ষক?
হিগুইতার সেই খ্যাপাটে কাণ্ডের ২০ বছর পূর্ণ হলো গতকাল। কুড়ি বছর পরে সেই স্মৃতিকে আবারও ফিরিয়ে আনলেন হিগুইতা। নিজের টুইটার অ্যাকাউন্টে নতুন করে আরেকটি ‘কাঁকড়া-বিছে ভঙ্গি’র ছবি তুলে পোস্ট করেছেন। সঙ্গে লিখে দিয়েছেন ‘এখনো পারি।’
‘এল লোকো’ নামে বিখ্যাত হিগুইতা বর্তমানে সৌদি ক্লাব আল নাসেরের গোলরক্ষক কোচ হিসেবে কাজ করছেন। নিজের অধীনে থাকা গোলরক্ষকদের অন্যান্য গোলরক্ষা-কৌশলের সঙ্গে আবার ‘স্করপিয়ন শট’ শেখাচ্ছেন কিনা, কে জানে! গোলবারে দাঁড়িয়ে এমন ভঙ্গিতে প্রতিপক্ষের শট ফেরানোর হিম্মত যে হিগুইতার একার সম্পত্তিই।