হিগুয়েইন কষ্ট দিচ্ছেন ম্যারাডোনাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাপোলিতে ম্যারাডোনার উত্তরসূরি হিগুয়েইন। ফাইল ছবি
নাপোলিতে ম্যারাডোনার উত্তরসূরি হিগুয়েইন। ফাইল ছবি

এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়িই নাপোলির গঞ্জালো হিগুয়েইন হয়ে যাচ্ছেন জুভেন্টাসের। দামটাও রীতিমতো অবিশ্বাস্য, ৯ কোটি ৪০ লাখ ইউরো! গ্যারেথ বেলের দলবদলের মূল্যটাই ছিল এর চেয়ে বেশি। কিন্তু হিগুয়েইনের এই প্রতিদ্বন্দ্বী ক্লাবে পাড়ি জমানো মানতেই পারছেন না ডিয়েগো ম্যারাডোনা।

ম্যারাডোনার অনুভূতিটা ঠিক ক্ষোভের নয়, অসহায়ত্বের। হিগুয়েইনের ওপর তাঁর কোনো রাগ নেই। ম্যারাডোনার কণ্ঠে শুধু ধরা পড়ল অসহায়ত্ব, ‘হিগুয়েইনের ব্যাপারটা আমাকে আহত করছে, কারণ ও প্রতিদ্বন্দ্বী একটা ক্লাবে যাচ্ছে। কিন্তু সে জন্য ওকে আমরা দোষ দিতে পারি না।’ ম্যারাডোনা জানেন, হিগুয়েইনের জন্য যে অবিশ্বাস্য অঙ্কের প্রস্তাব জুভেন্টাস দিয়েছে, সেখানে হিগুয়েইনের এক অর্থে তেমন কিছু করার নেই, ‘একজন খেলোয়াড়ের দায়িত্ব তাঁর নিজের। পেটমোটা ব্যবসায়ীদের কলকাঠিতেই এসব হয়। সমর্থকদের কথা ভাবে না।’

দোষটা ফিফারও ওপর চাপাচ্ছেন নাপোলির সাবেক কিংবদন্তি, ‘আমি এখন বলতে বলতে ক্লান্ত, এই সময়ে ভালো প্রেসিডেন্ট হওয়ার চেয়ে ভালো ব্যবসায়ী হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সময়ে এসব কিছু ছিল না। আর সব দেখেশুনেও ফিফা নাক ডেকে ঘুমাচ্ছে, এটাই সবচেয়ে খারাপ ব্যাপার।’

হিগুয়েইন নাপোলি থেকে চলে যাচ্ছেন বলেই রক্তক্ষরণ বেশি। ক্যারিয়ারের সোনালি সময় আর্জেন্টাইন কিংবদন্তি তো নাপোলিতেই কাটিয়েছেন। ইতালিয়ান ক্লাবটিকে দুটি স্কুদেত্তো, একবার কোপা ইতালিয়া ও উয়েফা কাপ জিতিয়েছেন। সেই নাপোলিতে তিন বছর আগে আসার পর হিগুয়েইন আলো ছড়িয়েই যাচ্ছেন। প্রথম মৌসুমেই কোপা ইতালিয়া ও সুপারকোপা জিতেছেন। গত মৌসুমে তো ৩৬ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।


ম্যারাডোনা হিগুয়েইনকে বুঝলেও নাপোলি সমর্থকেরা কিন্তু বুঝছেন না। নেপলসের রাস্তায় এর মধ্যেই শুরু হয়েছে আর্জেন্টাইন স্ট্রাইকারের জার্সি পোড়ানো। এক সমর্থক আবার কমোডে হিগুয়েইনের জার্সি রেখে সেটার ছবি পোস্ট করেছেন। কয়েক মাস আগে যে হিগুয়েইন ছিলেন নায়ক, তিনিই এখন হয়ে গেছেন খলনায়ক!