হিগুয়েইনের রাতে কার্ডিফের পথে জুভেন্টাস

মাত্র আধা ঘণ্টার ব্যবধান। ভিন্ন দুটি গোল, ভিন্ন মেজাজের। কিন্তু রেসিপির কোনো অদলবদল হয়নি। প্রথমে পাওলো দিবালার পা ছুঁয়ে বল দানি আলভেজের কাছে। আলভেজ সেটা রীতিমতো থালায় সাজিয়ে দিলেন গঞ্জালো হিগুয়েইনের জন্য। দুটি দুর্দান্ত ফিনিশিংয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড শেষ কাজটুকু সেরে নিলেন। হিগুয়েইনের জোড়া গোলে মোনাকোকে ২-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে জুভেন্টাস।
ম্যাচের আগে কত আলোচনা হিগুয়েইনকে নিয়ে। বড় ম্যাচ এলেই চুপসে যান হিগুয়েইন। বার্সেলোনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালও তো সেটার বড় এক প্রমাণ। কমপক্ষে তিনটি গোল করার সুযোগ নষ্ট করেছেন দুই লেগে। এ রোগ অবশ্য তাঁর পুরোনো! আর্জেন্টিনার জার্সিতে কিংবা সাবেক দল রিয়াল মাদ্রিদের হয়ে বারবারই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেকে হারিয়ে ফেলতেন হিগুয়েইন। আজকের আগে চ্যাম্পিয়নস লিগে ৬২ ম্যাচে মাত্র ১৬ গোল যদি চিত্রটা বোঝাতে না পারে তবে আরেকটি তথ্য দেওয়া যাক। চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বে ২২ ম্যাচে মাত্র ২ গোল ছিল তাঁর, আর দুটি গোলে সতীর্থদের সহযোগিতা করতে পেরেছেন। ৯০ মিলিয়ন ইউরো দিয়ে যাঁকে দলে টেনেছে জুভেন্টাস তাঁর সঙ্গে এমন পরিসংখ্যান একদমই মানায় না।

মোনাকো ম্যাচ দিয়েই যেন জবাব দিতে চাইলেন হিগুয়েইন। ৭৬ মিনিটে মাঠ ছাড়ার আগেই ম্যাচের গল্পটা লিখে ফেলেছেন, কার্ডিফের ফাইনালে নিজের দলের জায়গাটাও প্রায় পাকা করে ফেলেছেন। প্রতিপক্ষের মাঠে দুই গোলের জয়, পরের ম্যাচ নিজেদের মাঠে। যে মাঠে গত ৪৯ ম্যাচ অপরাজিত জুভেন্টাস। কার্ডিফে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকিট কেটে রাখতেই পারেন জুভেন্টাস সমর্থকেরা।
অথচ আজ আলো ছড়ানোর কথা ছিল কিলিয়ান এমবাপ্পে, থমাস লেমার কিংবা রাদামেল ফ্যালকাওদের। পুরো মৌসুমে আক্রমণাত্মক ফুটবলের গল্প লেখা মোনাকোরই ছিঁড়েখুঁড়ে ফেলার কথা প্রতিপক্ষের রক্ষণ। চ্যাম্পিয়নস লিগের এ সেমিফাইনালকে দেখা হচ্ছিল তারুণ্যের বিপরীতে অভিজ্ঞতার লড়াই হিসেবে। মোনাকোর তারুণ্যনির্ভর দুর্দান্ত আক্রমণের বিপক্ষে জুভেন্টাসের দৃঢ় রক্ষণের। কিন্তু ম্যাচে শুরুতেই জুভেন্টাস বুজিয়ে দিয়েছে, মঞ্চ যত বড়, অভিজ্ঞতার মূল্যটা তত বেশি।

শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণে উঠেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। অনেক দিন পর বোনুচ্চি-বারজাল্লি-কিয়েলিনিত্রয়ী রক্ষণে নামলেন। আলভেজ ও অ্যালেক্স সান্দ্রো খেলেছেন উইং ব্যাক হিসেবে। দুই উইংকে ব্যবহার করে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ জুভেন্টাসের কাছে। তবে মিনিট দশেক পরে এমবাপ্পেরা ম্যাচে ফিরেছেন। পাল্টা আক্রমণে এমবাপ্পে, ফ্যালকাওদের বেশ কিছু সুযোগ মাথা কুটে মরেছে জিয়ানলুইজি বুফনের কাছে। তবে বল দখলে এগিয়ে ছিল জুভেন্টাসই। গোলের সুযোগও বেশি পেয়েছে তারা। ২৫ মিনিটে যখন একটা সহজ সুযোগ নষ্ট করলেন হিগুয়েইন, তখন মনে হচ্ছিল আজও সেই ‘নিষ্প্রভ হিগুয়েইনকে’ই দেখা যাবে।
কিন্তু ২৯ মিনিটেই সব বদলে গেল। দিবালার দারুণ এক থ্রু বল থেকে বক্সে ঢুকে গেলেন আলভেজ। সামনে ডিফেন্ডার দেখে বুদ্ধিদীপ্ত এক ব্যাকপাস। সেখান থেকে দারুণ এক নিচু শট হিগুয়েইনের। গোল! ১-০ গোলে এগিয়ে গেল সফরকারীরা। এরপরই জেগে উঠল মোনাকো। একের পর এক আক্রমণ করে গেছে প্রতিপক্ষের রক্ষণে। কিন্তু জুভেন্টাসের রক্ষণে চিড় ধরাতে পারেননি তাঁরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরতে পারত মোনাকো। কিন্তু ৪৭ মিনিটের সে সুযোগ ফ্যালকাও কাজে লাগাতে পারেননি। সেটা একটু পরেই অনেক বড় হয়ে দাঁড়াল ৪৯ মিনিটে হিগুয়েইনের দ্বিতীয় গোলে। এবারও মাঠের ডান প্রান্তে দিবালার পাস থেকে আলভেজের ক্রস, স্লাইড করে আরেকটি দুর্দান্ত গোল হিগুয়েইনের। এরপরও ম্যাচে ফিরতে পারেনি মোনাকো। বরং বারবার পাল্টা আক্রমণে ব্যবধানটা বড় করার হুমকি দেখিয়েছে জুভেন্টাস। ৯০ মিনিটে একটা গোল প্রায় ফিরিয়ে দিয়েছিল মোনাকো। কিন্তু বুফনের দুর্দান্ত সেভ দিনটা জুভেন্টাসেরই করে রাখল।