হিগুয়েইনের '১০০' ও '১০১'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শততম গোলের পর হিগুয়েইন। সহায়তা করেছেন পেছনে থাকা দিবালা। ছবি রয়টার্স।
শততম গোলের পর হিগুয়েইন। সহায়তা করেছেন পেছনে থাকা দিবালা। ছবি রয়টার্স।

জাতীয় দলের জার্সি গায়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডরা নিজেদের খেলাটাই ভুলে যান। আর সেই ফরোয়ার্ডের নাম যদি গঞ্জালো হিগুয়েইন হয়, তাহলে তো কথাই নেই। আর্জেন্টাইন সমর্থকদের অনেক অভিমান এই হিগুয়েইনের প্রতি। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে কী যে এক গোল মিস করেছিলেন! জাতীয় দলের জার্সি গায়ে যা-ই খেলুন না কেন, ক্লাবের হয়ে গোলের পর গোল করে চলেছেন ‘এল পিপিতা’। ইতালীয় সিরি ‘আ’তে তাঁর জোড়া গোলেই গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল এসি মিলানকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস।

কাল জুভেন্টাসের জার্সিতে নিজের ১০০ আর ১০১তম গোল দুটি করেছেন হিগুয়েইন। অনন্য এক রেকর্ডও হয়েছে তাতে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দুটিতে এক শ বা তার বেশি গোল করা দ্বিতীয় খেলোয়াড় এখন হিগুয়েইন। সর্বপ্রথম এই কীর্তি গড়েছিলেন সুইডিশ ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ। ইতালি ছাড়াও রিয়াল মাদ্রিদের হয়ে স্পেনে এক শর বেশি গোল আছে হিগুয়েইনের।

আগের ম্যাচেই তাঁর একটি গোল বাতিল হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে ম্যাচ শেষে হিগুয়েইন বলেছেন, ‘এসপিএএলের বিপক্ষে তারা যখন আমার গোল বাতিল করেছিল, তখনই বলেছিলাম, আমার শততম গোল আসবে সান সিরোতে। আর এটা এখন ১০১! একদমই মন্দ নয়।’

প্রতিপক্ষ সম্পর্কে বলেছেন, ‘মিলান হয়তো শুরুটা ভালো করেছিল, কিন্তু আমরা দুর্দান্ত একটা দল। এ রকম খেলতে থাকলে আমাদের আটকানো খুবই কঠিন।’

এই জয়ে অস্থায়ীভাবে সিরি ‘আ’ টেবিলের শীর্ষে উঠেছে জুভেন্টাস। তবে নিজেদের ম্যাচ জিতলেই ‘তুরিনের বুড়ি’দের টপকে যাবে নাপোলি এবং ইন্টার মিলান। সূত্র: এএফপি।