
‘এ মুহূর্তগুলোর জন্যই আমি লড়ে যাই। গোলগুলো করতে পেরে আমি খুশি। তবে আমাদের কাজ এখনো শেষ হয়নি, মোনাকো অনেক শক্ত দল।’
গঞ্জালো হিগুয়েইনের কথাগুলো অনেকটা কূটনীতিসুলভ। তবে হিগুয়েইন যা বলেননি, সেটি ম্যাচের পর বলে দিয়েছে জুভেন্টাস খেলোয়াড়দের উদ্যাপন। মোনাকোর মাঠে আসা নিজেদের সমর্থকদের সামনে গিয়ে হাতে হাত ধরে নাচলেন-গাইলেন জুভেন্টাসের ফুটবলাররা। এমনকি জুভেন্টাসের অফিশিয়াল অ্যাকাউন্টও টুইটও করেছে, ‘হাফ ওয়ে দেয়ার!’ অর্থাৎ গন্তব্যের অর্ধেক পথ পেরিয়ে গেছি।
কোন দিকে? কার্ডিফে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল! হিগুয়েইনের জোড়া গোলে পরশু মোনাকোর মাঠে সেমিফাইনালের প্রথম লেগটা ২-০ গোলে জিতে গেছে জুভেন্টাস। দ্বিতীয় লেগ ঘরের মাঠে। আগামী ৩ জুন কার্ডিফে অনুষ্ঠেয় ফাইনালে তো এক পা দিয়েই রেখেছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।
ম্যাচটির বিজ্ঞাপনের ভাষাই ছিল ‘অভিজ্ঞতা বনাম তারুণ্য’। জুভেন্টাসের পোড়-খাওয়া রক্ষণের (পুরো দলই আসলে) সামনে মোনাকোর তারুণ্যে উদ্ভাসিত আক্রমণ। যে বিজ্ঞাপনে ছবিটা হতে পারত দুজনের—জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, আর মোনাকো স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ১৮ বছর বয়সী এমবাপ্পে পৃথিবীতে আসার আগেই একটা বিশ্বকাপ খেলা হয়ে গিয়েছিল বুফনের! তা ম্যাচে তারুণ্যকে টেক্কা দিল অভিজ্ঞতা। এমবাপ্পেদের হারিয়ে দিলেন বুফনরা।
৩৯ বছর বয়সী জুভ গোলকিপারের জন্য পরশুর ম্যাচটা একটা মাইলফলকও ছিল, চ্যাম্পিয়নস লিগে তাঁর ১০০তম ম্যাচ। সেটি রাঙিয়েছেন ক্লাব রেকর্ড গড়েই। প্রথমার্ধে এমবাপ্পে-ফ্যালকাও, আর একেবারে শেষ মুহূর্তে ভ্যালেরি জার্মেইয়ের শট ঠেকিয়ে বুফন নিশ্চিত করেছেন চ্যাম্পিয়নস লিগে ক্লাবের রেকর্ড টানা ছয় ম্যাচে (৬২১ মিনিট) গোল না খাওয়া। ম্যাচ শেষে মোনাকো কোচ লিওনার্দো জার্দিম তাই প্রশংসা করলেন ‘জিজি’র, ‘ও-ই পার্থক্য গড়ে দিয়েছে।’ জুভেন্টাসের অ্যাকাউন্টও টুইট করেছে, ‘সুপারম্যানের আরেকটি রাত!’ তা এই বয়সেও এমন দুর্দান্ত খেলার প্রেরণা এখনো কোত্থেকে পান? বুফনের জবাব, ‘প্রতি ম্যাচেই দেখিয়ে দিতে চাই যে, এই বয়সেও আমি খেলার যোগ্য বলেই খেলি। যেদিন ফুটবল ছেড়ে দেব, আমি চাই মানুষ যেন এ নিয়ে দুঃখ করে।’
বুফন তাঁর অভিজ্ঞতার দাম বোঝালেন। বোঝাল পুরো জুভেন্টাস দলই। এই মৌসুমে ১৩৯ গোল করা মোনাকোকে ঠেকিয়ে দিল! জুভেন্টাসের কৃতিত্ব আরও অবিশ্বাস্য লাগবে এই তথ্যে, ২০১৫ সালের নভেম্বরের পর ঘরের মাঠে পরশুর আগে টানা ৪১টি ম্যাচেই গোল করেছে মোনাকো!
আর দাম বোঝালেন হিগুয়েইন—অভিজ্ঞতার পাশাপাশি গায়ের সঙ্গে লেগে থাকা ‘৯০ মিলিয়ন ইউরো’ ট্যাগেরও। শুরুতে একটু ভুগছিলেন, তবে ২৯ ও ৫৯ মিনিটে গোল দুটি করলেন দুর্দান্ত ফিনিশিংয়ে। একটা খরাও এতে ঘুচল আর্জেন্টাইন স্ট্রাইকারের, চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে গোল পেলেন সাত ম্যাচ পর। সাত ম্যাচ বললে আসলে পুরোটা বোঝানো যাবে না। নকআউট পর্বে তাঁর সর্বশেষ গোলটি ২০১৩ সালের এপ্রিলে, রিয়াল মাদ্রিদের জার্সিতে! শুরুর ওই কূটনৈতিক কথার বাইরে হিগুয়েইন বললেন, ‘এ প্রতিযোগিতায় গোল পাচ্ছিলাম না আমি। তবে জানতাম, মাথা ঠান্ডা রেখে পরিশ্রম করে যেতে হবে।’ দলের লক্ষ্যপূরণের তৃপ্তিও আছে, ‘আগস্ট থেকেই আমরা স্বপ্নটা দেখছিলাম কার্ডিফে যাওয়ার। সেটির আর মাত্র এক ধাপ দূরে আমরা।’
ধাপটা পেরোলেই নিশ্চিতভাবে বুফন-হিগুয়েইনদের চোখে হাতছানি দেবে আরেকটি স্বপ্ন—কার্ডিফে চ্যাম্পিয়নস লিগ শিরোপা হাতে উল্লাস! এএফপি।