হিডিঙ্কের সঙ্গে নিস্টলরয়

হল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ হিসেবে রুড ফন নিস্টলরয়কে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছিল আগেই। আনুষ্ঠানিক ঘোষণাটাই শুধু বাকি ছিল। এসে গেল সেই ঘোষণাও। গতকাল কোচ গাস হিডিঙ্কের সহকারী হিসেবে ৩৮ বছর বয়সী নিস্টলরয়ের নাম ঘোষণা করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)।
লুই ফন গালের সঙ্গে কেএনভিবির চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্ত। কেএনভিবি তাই ফন গালের উত্তরসূরি হিসেবে গত মার্চেই হিডিঙ্ককে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে। হিডিঙ্ক দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের কোচ হয়েই তাঁর সহকারী হিসেবে কাজ করার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকারকে আমন্ত্রণ জানান। ২০১৩ সালে ডাচ ক্লাব পিএসভির অনূর্ধ্ব-১৭ দলের কোচ হিসেবে কোচিংয়ে নাম লেখানো নিস্টলরয় প্রস্তাবটা লুফে নিতে দেরি করেননি। হল্যান্ডের হয়ে ৭০ ম্যাচে ৩৫ গোল করা সাবেক এই স্ট্রাইকারের সঙ্গে সহকারী কোচ হিসেবে কাজ করবেন ড্যানি ব্লাইডও। ২০১৬ সালে হিডিঙ্কের উত্তরসূরি হিসেবে মূল কোচের দায়িত্ব নেবেন যিনি।
গত মার্চে নিয়োগ পেলেও আনুষ্ঠানিকভাবে কোচ হিডিঙ্কের পরিচয়পর্বও হলো গতকাল। আর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেই অভিজ্ঞ এই কোচ জানিয়ে দিলেন, দল নিয়ে খুব বেশি কাটাছেঁড়ার পরিকল্পনা তাঁর নেই। চিরায়ত ডাচ দর্শন বাদ দিয়ে ফন গাল দলকে খেলিয়েছেন তাঁর নিজস্ব দর্শনে। বিশ্বকাপের জন্য দলও গড়েছিলেন নিজের পছন্দের খেলোয়াড়দের নিয়ে। এ নিয়ে সমালোচনা কম হয়নি। হিডিঙ্ক ইঙ্গিত দিয়েছিলেন দল এবং দলের খেলার দর্শনে পরিবর্তন আনবেন। কিন্তু ফন গালের অধীনে হল্যান্ড ব্রাজিল বিশ্বকাপে ভালো করাতেই কিনা হিডিঙ্ক এখন বলছেন, ‘আমি দলে খুব বেশি পরিবর্তন আনব না। আমরা শুধু ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’ ইঙ্গিত দিয়েছেন রবিন ফন পার্সিই থাকবেন অধিনায়ক, আরিয়েন রোবেন যথারীতি সহঅধিনায়ক। রয়টার্স।