হিমাগারে সুপার কাপ!
২৫ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল সুপার কাপ। কিন্তু কোটি টাকার এই আলোচিত টুর্নামেন্ট এ বছর শেষ পর্যন্ত হচ্ছে না। নানা সূচির মধ্যে কাছাকাছি সময়ের মধ্যে সুপার কাপ আয়োজনের সময় বের করা যাচ্ছে না বলে দাবি বাফুফের।
এ মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল। কাজেই এ মাসে সুপার কাপ হবে না। আগামী মাসে আয়োজন সম্ভব ছিল, কিন্তু ১২ নভেম্বর থেকে এক মাসের জন্য শুরু হয়ে যাচ্ছে ফুটবলারদের দলবদল। তার ওপর একই তারিখে ভুটানে শুরু হচ্ছে স্থানীয় কিংস কাপ। এই টুর্নামেন্টে বাংলাদেশের শীর্ষ একটি দল খেলবে। দু-তিনটি দল আবেদন করলেও লিগ চ্যাম্পিয়ন শেখ জামালই বাফুফের ছাড়পত্র পেতে পারে। শেখ জামাল কিংস কাপে গেলে সুপার কাপ আগামী মাসেও হবে না।
ডিসেম্বরে আসবে জাপান অলিম্পিক দল, পরপরই ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া মৌসুম শুরু। কাজেই ২০১৩-১৪ মৌসুমের সুপার কাপ বাক্সবন্দীই হয়ে গেল বলা যায়। ১৩ অক্টোবরের লিগ কমিটির সভায় সুপার কাপ আপাতত আয়োজন না করারই আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসছে।