হিমালয় জয়ের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়তনে কলসিন্দুর বাজারটা ধোবাউড়া উপজেলার মধ্যে সবচেয়ে বড়। ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চলের এই বাজারে কাল ছিল সাপ্তাহিক হাটের দিন। বিকেলের মধ্যেই হাটের লোকজনের মুখে মুখে চাউর হয়ে গেল—‘কাল আমাদের মেয়েদের খেলা।’

‘আমাদের মেয়ে’ মানে—কলসিন্দুরের ১০ ফুটবলার সানজিদা, তাসলিমা, মাহমুদা, রুপা, শামসুন্নাহার, শিউলি, নাজমা, মারিয়া, তহুরা ও মার্জিয়া। এই ১০ জনই আছে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের ১৮ সদস্যের বাংলাদেশ দলে। গত ২৫ এপ্রিলের প্রলয়ংকরী ভূমিকম্পের ভয়ংকর স্মৃতি সঙ্গী করে গত পরশু আবারও নেপাল গেছে বাংলাদেশের কিশোরীরা। ভূমিকম্পের কারণে স্থগিত হয়ে যাওয়া ফাইনালটি অনুষ্ঠিত হচ্ছে আজ। কাঠমান্ডুতে সেনাবাহিনীর শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠে বাংলাদেশ সময় বেলা সোয়া ১১টায় শুরু ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নেপালের স্থানীয় টেলিভিশন কান্তিপুর গোল্ড। বাংলাদেশে এটি দেখা যায় না। সানজিদাদের কলসিন্দুর স্কুলের কোচ মফিজ উদ্দিন তাই অন্তর্জালেই ভরসা রাখছেন। ইউটিউবের মাধ্যমে খেলাটা নিজের ল্যাপটপে
দেখবেন, অন্যদেরও দেখানোর ব্যবস্থা করবেন বলে জানালেন কাল মুঠোফোনে।

ফাইনালের আগে অনুশীলনে মগ্ন বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। গতকাল কাঠমান্ডুর সেনাবাহিনী শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠে l ছবি: বাফুফের সৌজন্যে
ফাইনালের আগে অনুশীলনে মগ্ন বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। গতকাল কাঠমান্ডুর সেনাবাহিনী শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠে l ছবি: বাফুফের সৌজন্যে

আগে থেকেই কলসিন্দুরে মুখে মুখে ফিরছিল সানজিদাদের নাম। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র কলসিন্দুরের সীমানা ছাড়িয়ে তা ছড়িয়ে দিয়েছে পুরো দেশেই। এই মেয়েদের তুলে আনার কারিগর মফিজ উদ্দিনের কণ্ঠে রোমাঞ্চটা মুঠোফোনেও টের পাওয়া গেল, ‘এই ম্যাচ নিয়ে আমি একটু বেশিই রোমাঞ্চিত। সবাই এসে জিজ্ঞাসা করছে, কখন খেলা? আমি নেপালে ফোন করেছিলাম। দলের কোচ, মেয়েদের সঙ্গে যোগাযোগ রাখছি। ম্যাচটা জিতলে ইতিহাস গড়বে বাংলাদেশ। আমি আশাবাদী, ওরাই চ্যাম্পিয়ন হবে।’ কলসিন্দুরের ১০ মেয়ের সঙ্গে এই ইতিহাসের অংশ হওয়ার অপেক্ষায় টাঙ্গাইলের কৃষ্ণা, রুমা, জোছনা, মৌসুমী, রাজশাহীর নার্গিস, সাতক্ষীরার রাজিয়া, রাঙামাটির মনিকা, রংপুরের স্বপ্না।
আট মাস আগে ভূমিকম্পে নেপাল পরিণত হয়েছিল মৃত্যুকূপে। আবার নেপালে যাওয়ার পর সেই স্মৃতিই ঘুরেফিরে উঠে আসছিল ফুটবলারদের কথাতেই। কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের কথাতেও সেদিনের দুঃস্মৃতির বর্ণনা, ‘আমাদের টিম মিটিংটা শেষ হতে মিনিট তিনেক বাকি ছিল। কিছু একটা যে ঘটেছে, সেটা ততক্ষণে সবাই জেনে গেছি। যেভাবে সবকিছু ভেঙে পড়েছিল, তাতে মনে হচ্ছিল সব কাগজের তৈরি। ভাগ্য ভালো, শেষ পর্যন্ত আমাদের কিছু হয়নি।’
ফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বে ভুটানকে ১৬-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ভারতের সঙ্গে ড্র করেছিল ১-১ গোলে। এরপর সেমিফাইনালে ইরানের বিপক্ষে ২-০ গোলে জয়। ফাইনালেও সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চায় কৃষ্ণা-সানজিদারা। প্রতিপক্ষ স্বাগতিক দল বলে কাজটা যে সহজ নয়, সেটিও জানা কৃষ্ণার, ‘নেপাল খুব শক্তিশালী দল। লড়াইটা কঠিনই হবে। তবে আমরা মাঠে শতভাগ উজাড় করেই খেলব।’ দলের কোচ গোলাম রব্বানীও চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী, ‘মেয়েরা এত দিন খেলার মধ্যেই ছিল। আশা করি, দেশের জন্য একটা ভালো ফল বয়ে আনতে পারব।’

হিমালয়ের দেশে গিয়ে ‘চূড়া’ ছোঁয়ার এই প্রতিজ্ঞা সঞ্চারিত বাংলাদেশের পুরো দলেই। যে দলের নামই হয়ে গেছে ‘কলসিন্দুরের মেয়েরা!’