হুমকি পাওয়ার অভিযোগ সালাউদ্দিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফের মতো সংগঠনে নির্বাচনী উত্তাপ থাকবে স্বাভাবিক। তবে উত্তাপটা এবার আশঙ্কাজনক পর্যায়ে চলে গেছে। ৩০ এপ্রিলের নির্বাচন তাই সুষ্ঠুভাবে হবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। আর এ প্রশ্ন ওঠা মানে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়ে যাওয়ার প্রবল শঙ্কাও।
যেকোনো জাতীয় ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপ বরদাশত করে না ফিফা। কিন্তু ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তেমন হস্তক্ষেপ হওয়ায় ফিফা নিষিদ্ধ করেছিল বাংলাদেশকে। প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ, হারুনুর রশিদদের কমিটি ভেঙে এস এ সুলতানকে বাফুফে সভাপতির চেয়ারে বসানোর জেরেই ছিল ওই নিষেধাজ্ঞা।
এবার নির্বাচনে বিভিন্নভাবে হুমকির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তুলেছে একটি পক্ষ। ওই হুমকিতে কাল সন্ধ্যায় কাজী সালাউদ্দিন পরিষদ হোটেল পূর্বাণীতে ঢাকার ক্লাবগুলোকে নিয়ে নির্ধারিত অনুষ্ঠান করতে পারেনি।
কাল সকাল থেকেই খবর হতে থাকে ফোনে আসা নানা রকম হুমকিতে সালাউদ্দিন পরিষদের লোকজন বেকায়দায় আছেন। তাঁদের সবার মুখই মলিন দেখা যায়। একপর্যায়ে ‘আমার কাজ আছে বলে’ দ্রুত বাসা থেকে বেরিয়ে যান সালাউদ্দিন।
শোনা যাচ্ছিল, চাপের মুখে সালাউদ্দিন সরে যেতে বাধ্য হবেন যেকোনো সময়। শুধু ঘোষণা দেওয়াই বাকি। বাফুফে ভবনে তাই খানিকটা বিষণ্নতা নেমে আসে। বেলা তিনটার দিকে বাফুফে ভবনে আসেন সালাউদ্দিন। সবাই জানতে চান, পরিস্থিতি কোন দিকে, কী ঘটতে যাচ্ছে?
আরেক সভাপতি প্রার্থী গোলাম রাব্বানী হেলালকে পাশে বসিয়ে সালাউদ্দিন ব্যাখ্যা করেছেন গোটা পরিস্থিতি, ‘সত্যিটা হলো নিরাপত্তার কারণে আমরা আমাদের অনুষ্ঠানটা করছি না। হোটেল কর্তৃপক্ষ আমাদের বলেছে, এখানে অনুষ্ঠান করবেন না। আমরা আপনাদের নিরাপত্তা দিতে পারব না। আমাদের ওপর চাপ আছে।’ তিনি আরও যোগ করেন, ‘নিরাপত্তার কারণে আমার কিছু কাউন্সিলর আসতে চাইছে না। ফোনে তারা হুমকি পাচ্ছে বলে অভিযোগ পেয়েছি। ঢাকার ক্লাবগুলোও সাহস পাচ্ছে না। হোটেল বলছে জায়গা দিতে পারবে না। যেটা আমার এই সাত-আট বছরেও হয়নি।’
অবস্থা এমন পর্যায়ে গড়ায় যে, সালাউদ্দিনের মুখে শোনা গেল এমন কথাও, ‘অনুষ্ঠান স্থগিত করায় কাউন্সিলররা বলেছেন, ভাই আমাদের জান বাঁচিয়ে দিলেন।’ সে ক্ষেত্রে ৩০ এপ্রিল সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠেই। সালাউদ্দিনও তা মেনে নিলেন, ‘এ ব্যাপারটা নিয়ে আমাদের বিবেচনার দরকার আছে।’
কোনো মহলের ফোনের ব্যাপারে যে গুঞ্জন, সে ব্যাপারে সালাউদ্দিনের কথা, ‘আমাকে কেউ ফোন করেনি। তবে ১৫-২০ দিন আগে আমাকে কিছু হুমকি দেওয়া হয়েছিল, ওটা আমি গায়ে লাগাইনি। আমাকে বলা হয়েছে যেন আমি একা ঘোরাফেরা না করি। আজ তো অনুষ্ঠান স্থগিত করতে বাধ্যই হয়েছি।’
এ ব্যাপারগুলো ফিফা-এএফসি জানলে দেশের ফুটবলের ক্ষতি হতে পারে। নির্বাচন দেখতে এএফসির একজন প্রতিনিধির আজ ঢাকায় আসার কথা। তিনি সব জানালে পরিস্থিতি সামলানো যাবে? সালাউদ্দিন বললেন, ‘ফিফা-এএফসি সবই জানে। আজ এএফসির সেক্রেটারির সঙ্গে দুবার কথা হয়েছে আমার। এএফসির প্রেসিডেন্টের আজ সন্ধ্যায় নামার কথা ছিল বুদাপেস্টে। তিনি আমাকে জানিয়েছেন, “ওখানে নেমে জানাবেন, কখন তিনি আমার সঙ্গে কথা বলবেন। তিনি বলেছেন ওখানে (বাংলাদেশে) যা হচ্ছে আমরা খুশি নই।’ আমি বললাম, কী হচ্ছে? বললেন, আমাদের কাছে সব তথ্য আছে।”’
পরিস্থিতি যা, বাংলাদেশের ওপর ফিফার নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই। সালাউদ্দিনেরও সেই শঙ্কা, তবে মুখে বললেন না, ‘আমি তো ফিফা-এএফসির কেউ নই, আমি কিছু বলতে পারব না। তবে এটা আমার বাংলাদেশ। আমি চাই নির্বাচন হোক।’ তবে এটাও মনে করিয়ে দিতে ভোলেননি, ‘আমি তো ছোট্ট একটা ঘুঁটি, এ রকম আরও অনেক বডি আছে, যারা এটা নির্ধারণ করবে। আই অ্যাম নাথিং।’
তবে হেলাল বাস্তব অবস্থাটা তুলে ধরলেন, ‘দেশের স্বার্থে সালাউদ্দিন ভাইকে নির্বাচনটা শেষ করতে হবে। নইলে বাংলাদেশের অ্যাফিলিয়েশন বাতিল হয়ে যাবে।’
শেষ পর্যন্ত কী ঘটবে বলা যায় না, তবে লক্ষণ মোটেও ভালো নয়।