হুয়ানফ্রানের খোলা চিঠি

ধীর পায়ে এগিয়ে গেলেন ডোরাকাটা-লাল সাদা জার্সিতে ছেয়ে থাকা গ্যালারির অংশটুকুর দিকে। হাত জোড় করে ক্ষমা চাইলেন হুয়ানফ্রান। অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকেরা তখন শোকবিহবল। প্রিয় ডিফেন্ডারের কান্নাভেজা আকুতি ছুঁয়ে গেল তাদের। ভেজা চোখে সবাই একসঙ্গে দাঁড়িয়ে সম্মান জানালেন ঘরের ছেলেকে। ওই ঘটনার পর পরশু অ্যাটলেটিকোর ওয়েবসাইটে এক খোলাচিঠিতে ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের।
তিন দিন আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা হুয়ানফ্রান কখনোই ভুলতে পারবেন না। পুরো ম্যাচ দুর্দান্ত খেলেও টাইব্রেকারে গোল করতে পারেননি। শেষ পর্যন্ত সেই মিসটাই রিয়ালকে শিরোপা জিতিয়ে দিয়েছে। ওই ম্যাচের দুঃস্বপ্ন এখনো হুয়ানফ্রানকে তাড়া করে ফিরছে, ‘ক্ষমা চাইতে আসার পর তোমরা আমাকে যে ভালোবাসা দিয়েছ, সেটা আমি কখনোই ভুলতে পারব না। আমার চোখের জলটা হাজারো অ্যাটলেটিকো সমর্থকের চোখে দেখেছি। এই ব্যাপারটা আমাকে গভীরভাবে বিষাদগ্রস্ত করেছে। আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাটলেটিকো খুবই বিশেষ একটা দল তা প্রমাণ করার জন্যও সবাইকে ধন্যবাদ। আমাদের হৃদয় বাকিদের চেয়ে অনেক বড়।’
পরপর দুই ফাইনালে হেরে যাওয়ার পর আসলেই কোনো সান্ত্বনা হয় না। এই পরাজয় আরও অনেক দিন অ্যাটলেটিকোর হৃদয় খুঁড়ে বেদনা জাগাবে। তবে হুয়ানফ্রান বিষাদের মধ্যেও শুনছেন আশার সুর, ‘দুই বছর আগে বলেছিলাম আমরা আবার ফাইনালে ফিরব। আজ আমি বলছি, আজ হোক কাল হোক আমাদের অধিনায়ক গ্যাবি চ্যাম্পিয়নস লিগের ট্রফিটা হাতে নেবেই।’
অ্যাটলেটিকো সমর্থকেরা এখন সেই দিনেরই অপেক্ষায়। ইএসপিএন।