হৃদরোগে আক্রান্ত ডাচ তারকা, ইউরোয় খেলা নিয়ে সন্দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমানে আয়াক্সের হয়ে খেলেন ডেলেই ব্লিন্ড। ছবি : এএফপি
বর্তমানে আয়াক্সের হয়ে খেলেন ডেলেই ব্লিন্ড। ছবি : এএফপি
>

হৃৎপিণ্ডের প্রদাহে আক্রান্ত হয়েছেন আয়াক্সের ডাচ ডিফেন্ডার ডেলেই ব্লিন্ড। ফলে নেদারল্যান্ডসের হয়ে আগামী বছর ইউরো আদৌ খেলতে পারবেন কি না, দেখা গিয়েছে সংশয়

সমস্যাটা বোঝা গিয়েছিল কয়েক দিন আগেই।

সে দিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে নেমেছিল আয়াক্স। খেলতে খেলতেই হঠাৎ মাথা ঝিমঝিম করা শুরু করে ব্লিন্ডের। তখন ব্যাপারটাকে তেমন পাত্তা না দিলেও পরে বোঝা যায় কিছু একটা ঠিক নেই তাঁর। সেটাই নিশ্চিত হওয়া গেল। হৃৎপিণ্ডের প্রদাহে আক্রান্ত হয়েছেন আয়াক্সের ডাচ তারকা ডেলেই ব্লিন্ড। আনুষ্ঠানিক বিবৃতি জানিয়েছে ব্লিন্ডের ক্লাব আয়াক্স, ‘হৃৎপিণ্ডের প্রদাহে আক্রান্ত হয়েছে ডেলেই ব্লিন্ড। এর মধ্যে ব্লিন্ডের শারীরিক পরীক্ষা করা হয়েছে।’

ব্লিন্ড কবে মাঠে ফিরবেন, এখনো নিশ্চিতভাবে জানায়নি আয়াক্স। ফলে সন্দেহ থেকেই যাচ্ছে, দুর্দান্ত ফর্মে থাকা নেদারল্যান্ডস আগামী গ্রীষ্মে অনুষ্ঠেয় ইউরোতে ব্লিন্ডকে পাবে কি না। এমনিতেই গত বিশ্বকাপে সুযোগ পায়নি ডাচরা। সে ব্যর্থতা ঘোচানোর জন্য আগামী ইউরো জয় করার জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে তারা। বাছাইপর্বে দুর্দান্ত ফর্ম দেখিয়েছে তারা। এমন অবস্থায় ব্লিন্ডের মতো কার্যকরী একজন খেলোয়াড়কে না পেলে সেটা বেশ ধাক্কাই দেবে নেদারল্যান্ডস-শিবিরকে। সব্যসাচী এই ফুটবলার লেফটব্যাক, সেন্টারব্যাক, সেন্ট্রাল মিডফিল্ড— যেকোনো পজিশনেই খেলতে পারেন। চার বছর খেলে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে। গত মৌসুমের দুর্দান্ত আয়াক্সের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই ব্লিন্ড।

তবে আশার কথা হচ্ছে, এর মধ্যেই ব্লিন্ডের হৃৎপিণ্ডে সফল অস্ত্রোপচার করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ব্লিন্ডের বুকে এর মধ্যেই একটা যন্ত্র স্থাপন করা হয়েছে, হৃদ্‌যন্ত্রের অনিয়মিত স্পন্দন বোঝা গেলেই সেটা সরাসরি জানাবে ডাক্তারদের।

ব্লিন্ডের সুস্থতার জন্য এর মধ্যেই শুভকামনা জানিয়েছেন হাজারো ভক্ত-সমর্থকেরা। ভক্তদের ভালোবাসা পেয়ে আপ্লুত ব্লিন্ড জানিয়েছেন, ‘এখন আমি বেশ ভালো অনুভব করছি। আপনাদের ভালোবাসা আমাকে ক্রমাগত সুস্থ হতে সাহায্য করছে। যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরে আসার চেষ্টা করব আমি।’