হৃদয় ভেঙেছে জার্মানদের

জার্মানরাই মনে করছে, তারা বিশ্বমানের দল নয়! তবে সবাই নয়। জার্মানির একটি জনপ্রিয় সংবাদমাধ্যম যাইট খেলার আগে এমন খবর প্রকাশ করেছে। ঘটনাটি বলি তাহলে—ঘণ্টা তিনেক পরই বিশ্বকাপে জার্মানির প্রথম খেলা। ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। একটু পরেই যাব বড় পর্দায় খেলা দেখতে। জার্মানিতে ছুটির দিন হওয়ায় সবাই আগ্রহভরে খেলা দেখার অপেক্ষায় ছিল তখন। এর মধ্যে জার্মানির জনপ্রিয় পত্রিকা যাইট অনলাইন সংস্করণে একটি মন খারাপ করা খবর পড়েছিলাম। তারা লিখেছে, ‘জার্মানির ফুটবল দল যথেষ্ট বিশ্বমানের নয়’। মনে মনে বিড়বিড় করলাম...প্রশ্নটা করলাম নিজেকেই; কেন? কেন বিশ্বমানের নয়? উত্তর না পেয়ে তাদের দেওয়া ব্যাখ্যায় চোখ বোলালাম। পত্রিকাটির ব্যাখ্যা—নতুন আর পুরোনো খেলোয়াড়দের সমন্বয়ে এবারের রাশিয়া বিশ্বকাপে জার্মানি দল গঠিত হলেও দলের মধ্য নানা বিষয়ে মেধা ও নৈপুণ্যের যথেষ্ট ঘাটতি রয়েছে। রাশিয়ায় যাওয়ার আগে অস্ট্রিয়া আর সৌদি আরবের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচে জার্মানি দল যে খেলা প্রদর্শন করেছিল, তা গত বিশ্বকাপ বিজয়ীদের খেলা বলে মনে হয়নি।
পত্রিকার এই ব্যাখ্যা আমার মনে ধরল না। অগত্যা খেলা দেখতে বেরিয়ে পড়লাম।
হ্যানোভারের ইমে নদীর পাড়ে খেলা দেখতে গিয়েছিলাম। দলে দলে ফুটবলপাগল মানুষ আসছেন গালে-কপালে জার্মানির পতাকা এঁকে। অনেকের পিঠে বিরাট জার্মানির পতাকা ঝুলছে। স্থানীয় সময় বিকেল পাঁচটায় খেলা শুরু হওয়ার আগেই ইমে নদীর তীরে হাজার পাঁচেক মানুষের ফুটবল ‘মেলা’। খেলার ৩৫ মিনিটে মেক্সিকোর হিরভিং লোজানোর গোলেই শেষ পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হার মানতে হলো। স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ খেলা শেষ হলো। চারদিকে তখন পিনপতন নীরবতা, অনেকের চোখে জল। সময় যেন থমকে গেছে।

খেলা শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যেই টেলিভিশনে ও অনলাইন পত্রিকাগুলো জার্মানি দলের খেলা নিয়ে নানা সমালোচনা শুরু করেছে। জার্মানি ফুটবল দলের কোচ জোয়াকিম লো খেলা শেষে জার্মান টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, খেলার প্রথমার্ধে খারাপ খেললেও দ্বিতীয়ার্ধে তারা ভালো খেলেছে। যদিও শেষ পর্যন্ত তা কোনো কাজে আসেনি। তবে ২৩ জুন সুইডেনের বিরুদ্ধে জার্মানি দলের খেলার ধারা পরিবর্তন হবে বলে জোয়াকিম লো জানিয়েছেন।