হেড নিয়ে মাথা ঘামানোর সময় এসেছে
রায়ান ম্যাসনকে অপরিচিত লাগতেই পারে। কিন্তু মাত্র ২৬ বছর বয়সে ফুটবল ছাড়তে বাধ্য হওয়ায় ম্যাসনের আরতি ভাবাবে সবাইকে।
টটেনহাম ও হাল সিটির এই মিডফিল্ডারের ক্যারিয়ার অকালেই ঝড়ে যায় ২০১৮ সালে। তার আগের বছর এক ম্যাচে হেড করতে গিয়ে চেলসি ডিফেন্ডার গ্যারি কাহিলের মাথার সঙ্গে তাঁর মাথার ভয়ানক সংঘর্ষ হয়েছিল। ম্যাসনের খুলি ফেটে যায়। দীর্ঘ চিকিৎসা ও চিকিৎসকদের পরামর্শে পরের বছর ফুটবল ছেড়ে দেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১ ম্যাচ খেলা সাবেক এই মিডফিল্ডার।
ফুটবলে হেড করা নিয়ে প্রশ্নটা আজকের না। এর আগে বহুবার হেড করার ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছেন গবেষক ও চিকিৎসকেরা। সাম্প্রতিক সময়ে ডক্টর উইলি স্টুয়ার্টের এক গবেষণায় বেরিয়ে এসেছে, সাধারণ মানুষের তুলনায় ফুটবলারদের মস্তিস্কের সমস্যায় মৃত্যুর সম্ভাবনা সাড়ে তিন গুণ বেশি।
রায়ান ম্যাসন নিজেও বিশ্বাস করেন, ২০৩০ কিংবা ২০৩৫ সাল নাগাদ ফুটবল থেকে হেড নিষিদ্ধ হতে পারে। বিবিসি স্পোর্টকে ম্যাসন বলেন, ‘১০ কিংবা ১৫ বছর পর খেলায় হেড করতে দেখা না গেলে বিস্মিত হব না। গবেষণায় তো এসব বের হচ্ছে। আরও অনেক চমকপ্রদ কিছু বের হবে বলেই মনে হয়।’
ফুটবলাররা হেড করার ক্ষতি সমন্ধে পুরোপুরি অবগত নন বলেও মনে করেন ২৯ বছর বয়সী রায়ান, ‘এ নিয়ে আরও গবেষণা করতে হবে। আরও বোঝার প্রয়োজন আছে। এখনকার খেলোয়াড়দের বিষয়গুলো জানাতে হবে। এটা সত্যিই ভাবনার বিষয়। সমস্যা হলো জীবনের পরবর্তী পর্যায়ে না যাওয়ার আগপর্যন্ত এসবের ক্ষতি টের পাওয়া যায় না।’
উইলি স্টুয়ার্টের গবেষণায় জানা গেছে, ফুটবলারদের স্মৃতিভ্রষ্ট এবং মস্তিস্কের অন্যান্য চোটে ভোগার প্রবণতা অনেক বেশি। তবে খেলোয়াড়ি জীবনে হেড ও মাথায় আঘাতকে এর কারণ হিসেবে গবেষণায় পুরোপুরি প্রতিষ্ঠা করা যায়নি।
ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ বিশ্বকাপজয়ী নবি স্টিলেস গত অক্টোবরে মারা যান। তাঁর পরিবারের বিশ্বাস, হেড করার মাশুল গুণে স্মৃতিভ্রষ্ট রোগে ভুগেছেন স্টিলেস। টটেনহামের সাবেক ডিফেন্ডার জ্যাঁ ভার্টোগেন গত মাসে জানান, মাথায় আঘাতের জন্য তিনি নয় মাস সমস্যায় ভুগেছেন।