চলে গেলেন আবাহনীর প্রথম গোলদাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আবদুল গফুর ভূঁইয়া
আবদুল গফুর ভূঁইয়া

ষাট ও সত্তরের দশকে ঢাকার ফুটবলে তিনি পরিচিত ছিলেন ‘স্কুটার গফুর’ নামে। দারুণ গতি তাঁকে এই পরিচিতি দিয়েছিল। স্বাধীন বাংলাদেশে আবাহনী ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের হয়ে প্রথম গোলটি তাঁরই। তিনি আজ চলে গেলেন না–ফেরার দেশে

মাঠে নামলেই চিতার ক্ষিপ্রতায় দৌড়াতেন। ষাট আর সত্তরের দশকে আবদুল গফুর ভূঁইয়ার খেলা দেখে তাই সবাই তাঁর নাম দিয়েছিল ‘স্কুটার গফুর’। সাবেক এই ফুটবলারের গতি চিরদিনের জন্য থেমে গেল আজ। নরসিংদীর দোগড়িয়া গ্রামে নিজ বাড়িতে আজ দুপুরে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন ৮০ বছর বয়সী আবদুল গফুর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক বছর ধরেই অসুস্থ হয়ে বিছানায় দিন কাটছিল তাঁর। ডায়াবেটিসের চিকিৎসার জন্য বারডেমে ভর্তি হয়েছিলেন গত বছরের আগস্টে। চার দিন আগে তাঁর ডান পায়ের তৃতীয় আঙুলে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। এরপর থেকেই ক্রমশ দুর্বল হয়ে পড়ে শরীর। আজ সকালে অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পাননি পরিবারের সদস্যরা। আবদুল গফুরের ছোট ছেলে আরামবাগের মিডফিল্ডার মোকাররম হোসেন জানালেন, ‘বাবা সকাল থেকে আবারও খুব অসুস্থ হয়ে পড়েন। আমরা হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছেন।’ আজ বাদ মাগরিব জানাজা শেষে নরসিংদীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।
আবদুল গফুর ষাটের দশকের মাঝামাঝি থেকে এক যুগের বেশি সময় ঢাকার ফুটবল মাতিয়েছেন। ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু গফুরকে পাকিস্তানি বাহিনী বন্দী করেছিল। ইচ্ছা থাকলেও তাই ওই সময় খেলতে পারেননি স্বাধীন বাংলা ফুটবল দলে। স্বাধীনতার পর ঢাকার ফুটবলে আবাহনীর প্রথম গোলটি তারই। আবাহনী ছাড়াও বিজি প্রেস ও রহমতগঞ্জেও খেলেছেন গফুর।