হেড-ফ্রি কিকেই বাংলাদেশের সর্বনাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই সেট পিসে দুর্বলতা। সিরিয়ার বিপক্ষে ম্যাচের মতো আজ উজবেকিস্তানের বিপক্ষেও বাংলাদেশের প্রথম সর্বনাশটা হলো ফ্রি-কিকেই। এরপর তিনটা গোল হেডে। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বঙ্গবন্ধু স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষেও বাংলাদেশ হারল ৪-০ ব্যবধানে। এ হারে চূড়ান্ত পর্বে খেলার আশা এক রকম শেষই হয়ে গেল বাংলাদেশের।

৩ মিনিটে ফ্রি-কিক থেকে উজবেকিস্তানকে এগিয়ে নেন মাশারিপভ জালালউদ্দিন। ১৩ মিনিটে মাশারিপভের ক্রসে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন সারদোর রাখমনভ। ২৯ মিনিটে রাখমনভের হেডেই স্কোরলাইন ৩-০ করে ফেলে উজবেকিস্তান। ৩৯ মিনিটে আবারও হেড! এবার আবোশের মাখস্তেলেভের। গোল-টোল যা হওয়ার এই ৩৯ মিনিটেই হয়ে গেল।
শারীরিক সামর্থ্য, গতি, কৌশলে এমনিতে উজবেকিস্তানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। তবুও গত দিনের ভুল শুধরে একটা লড়াই আশা করেছিল বাংলাদেশের সমর্থকেরা। কিন্তু তা হলো কোথায়? দুটি ম্যাচই নিষ্পত্তি হয়ে গেল প্রথমার্ধেই। আজ অবশ্য দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো ফুটবল খেলেছে লোডভিক ডি ক্রুইফের ছাত্রেরা। বার কয়েক আক্রমণ চালিয়েছিল বটে। তবে বেশির ভাগই ভোঁতা আক্রমণ!
৫৪ মিনিটে তপু বর্মণকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উজবেকিস্তানের শাগুল ইয়ামোভ। দশ জনে পরিণত হওয়া উজবেকদের যখন চেপে ধরা প্রয়োজন ছিল, তখনই কাণ্ডজ্ঞানহীন ফাউল করলেন অধিনায়ক রায়হান হাসান। ৬৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন রায়হান। আর নির্ধারিত ৯০ মিনিট শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ মাঠ ছাড়ল ৪-০ ব্যবধানে পরাজয়ের হতাশা নিয়ে।
বাংলাদেশ শেষ ম্যাচ খেলতে নামবে ৩১ মার্চ, ভারতের বিপক্ষে।