হেনস্তা মেসির স্বজনদের
৪ জুলাই দিনটিকে ক্যালেন্ডারের পাতা থেকেই হয়তো মুছে ফেলতে চাইবেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে কোনো আন্তর্জাতিক শিরোপা জেতার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ফিরতে হলো খালি হাতে। নিজেও যে খুব একটা ভালো খেলেছেন এমনটা দাবি করা যাবে না। এর মধ্যে অন্য রকম একটা দুঃখবোধেও আক্রান্ত হয়েছেন তিনি। সেটি অবশ্য মাঠের বাইরের ঘটনা। কোপার ফাইনালে চিলির সমর্থকদের রোষের শিকার হয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
খেলা দেখতে এসেছিলেন মেসির বাবা-মা ও দুই ভাই। প্রথমার্ধের শেষ দিকে হঠাৎ করেই তাঁদের উদ্দেশে অপমানসূচক মন্তব্য করতে শুরু করেন লা রোজা সমর্থকেরা। এরপরই শুরু হয় বাগ্যুদ্ধ। উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে আর্জেন্টাইন তারকার ভাই রদ্রিগোকে আঘাত করে বসেন চিলির এক সমর্থক। ঘটনা বেশি দূর গড়ানোর আগেই নিরাপত্তাকর্মীরা এসে মিডিয়া কেবিনে নিয়ে যান মেসির স্বজনদের।
স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর পরিবারের সদস্যরাও চিলির সমর্থকদের একটি অংশের বিরূপ মন্তব্যের শিকার হন, যদিও কেউ শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন বলে জানা যায়নি। গোলডটকম, মেইল অনলাইন।