হেমন্তর জন্য অপেক্ষা নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবারই ফুটবল দলের ক্যাম্প ডাকলে দেখা যায় কিছু খেলোয়াড় সময়মতো যোগ দেন না। নানা অজুহাতে ক্যাম্পের বাইরে থাকেন। জাতীয় দল তাঁদের টানে না। ক্লাব দলের প্রতিও যে এই ফুটবলারদের তেমন টান থাকে, তা নয়। ফুটবলার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে নিয়ে এমন ক্ষোভই প্রকাশ করলেন বাফুফের এক কর্মকর্তা। হেমন্ত বিকেএসপিতে চলমান অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে যোগ দেননি। ক্যাম্পে আসেননি জুয়েল রানা ও রুবেল মিয়া। তাঁরা তিনজনই দলের গুরত্বপূর্ণ খেলোয়াড়। তাঁরা ক্যাম্পে না থাকা মানে নতুন কোচ অ্যান্ড্রু ওর্ড পরিকল্পনা সাজাতে সমস্যায় পড়বেন।

রুবেল রানার চোট। ঢাকায় আবাহনী ক্লাব থেকে চিকিৎসা নিচ্ছেন। ঈদের ছুটির পর ক্যাম্পে যাবেন। জুয়েল রানা কাল অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপুকে ফোন করে বলেছেন, তাঁর জ্বর। এখন একটু ভালোর দিকে। ঈদের পর ক্যাম্পে আসবেন। হেমন্তর বাবা গতকালই রুপুকে ফোনে জানান, হেমন্তর চিকুনগুনিয়া এবং অবস্থা ভালো নয়, সুস্থ হয়ে ক্যাম্পে আসবেন।

টিম ম্যানেজমেন্ট বলছে, ঈদের এক-দুই দিন পরও হেমন্ত না এলে তাঁর জন্য আর অপেক্ষা করা হবে না। তাঁর ব্যাপারে এক কর্মকর্তা বললেন, সারা বছর চোটের কথা বলে মাঠের বাইরেই থাকেন এই মিডফিল্ডার। পেশাদার যুগে তাঁর মধ্যে অপেশাদার মনোভাবই দেখে আসছে বাফুফে। গত আড়াই-তিন বছরে হেমন্ত খুব বেশি ম্যাচ খেলেননি। কিছুদিন ধরেই তিনি মাঠের বাইরে। তাঁকে অনেক টাকায় দলে টেনেও হতাশাই বেশি জোটে ক্লাবগুলোর। এ নিয়ে বক্তব্য জানতে তাঁকে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন কেটে দেন।