হেরে অখুশি নন মারুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে হঠাৎ ঢুকে পড়া কোনো দর্শক কাল হয়তো চমকেই উঠেছিল। ম্যাচ শুরুর আধঘণ্টা আগেই আবাহনী গ্যালারির একটা অংশ ‘হলুদ ফুলে’ ভরপুর। শেখ জামাল ধানমন্ডির হলুদ জার্সি গায়ে খেলা দেখতে এসেছিল কয়েক হাজার দর্শক। সঙ্গে ব্যান্ডপার্টি। সারাক্ষণ তারা খেলোয়াড়দের উৎসাহ দিয়ে গেল।
বুসান আইপার্কের সঙ্গে প্রীতি ম্যাচ দেখতে আসা সমর্থকেরা হারের বেদনা নিয়েই অবশ্য বাড়ি ফিরেছে। তবে প্রথম পাঁচ মিনিটেই দুই গোল হজম করা শেখ জামাল ধাক্কাটা সামলে যেভাবে দুর্দান্ত লড়াই করেছে, তা মনটা ভালো করে দিতে যথেষ্ট। কোচ মারুফুল হকও অখুশি নন। ম্যাচের পর বলছিলেন, ‘পরিকল্পনা ছিল শুরুতেই আক্রমণে ওঠার। ভেবেছিলাম ওদের জন্য ব্যাপারটা বিস্ময়ের হবে। কিন্তু মুহূর্তের ২ গোলে সর্বনাশ হলো।’
ম্যাচে ফিরতে গোটা পাঁচেক সুযোগ নষ্ট করেছেন সোহেল রানা, এমেকা, ল্যান্ডিংরা। যা দেখে মারুফের আফসোস, ‘এই মানের দলের সঙ্গে সুযোগ খুব কম আসে। কিন্তু আমরা সুযোগ পেয়েও ফিনিশিংয়ের অভাবে হেরেছি। এমেকা এবার ঢাকায় এসেছে একটু দেরিতে। ওর ফিটনেসে সমস্যা আছে। ল্যান্ডিংয়ের সঙ্গে বোঝাপড়াটা ভালো হয়নি। এটা নিয়ে কাজ করতে হবে।’
তবে হারলেও খেলোয়াড়দের লড়াকু মানসিকতার প্রশংসাই থাকল মারুফের কণ্ঠে, ‘শুরুর ৫ মিনিট বাদ দিলে, বাকি সময় ছেলেদের খেলায় আমি সন্তুষ্ট। উপভোগ্য ফুটবলই উপহার দেওয়ার চেষ্টা করেছি আমরা।’
কোরিয়ান কোচ ইয়ুন সুং হাইয়োকে একটু হতাশই লেগেছে। দোভাষীর মাধ্যমে শুধু এটুকু বললেন, ‘পরিকল্পনামতোই শুরু করেছিলাম আমরা। আরও গোল দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ছেলেরা পারেনি।’ মাঠ নিয়ে আপত্তি তাঁর, ‘এই মাঠ আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো উপযোগী নয়।’