হেরে এমন ক্ষুব্ধ গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গার্দিওলা
গার্দিওলা

সামান্য একটা প্রীতি ম্যাচ। তাতে হেরেই এত ক্ষিপ্ত হয়ে গেলেন পেপ গার্দিওলা যে ম্যাচ শেষে প্রতিপক্ষ কোচের সঙ্গে হাতটাও মেলালেন না!
ঘটনাটা সত্যি। পরশু যুক্তরাষ্ট্রের ওরেগনের পোর্টল্যান্ডে মেজর লিগ সকার (এমএলএস) অলস্টারস একাদশের কাছে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। তবে হারজিত ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে ধীরস্থির গার্দিওলার এই আচরণ! কারণটা আন্দাজ করা অবশ্য খুব কঠিন কিছু নয়। প্রীতি ম্যাচ হলেও শুরু থেকে খুব শরীরনির্ভর ফুটবল খেলেছে এমএলএস একাদশ। তাদের কড়া ট্যাকলে চোট পেয়েছেন বায়ার্নের বাস্তিয়ান শোয়েনস্টাইগার, জেরদান শাকিরি। এমন কৌশল বেছে নেওয়ায় স্বভাবতই এমএলএস একাদশের কোচ ক্যালেব পোর্টারের ওপর ক্ষিপ্ত গার্দিওলা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে অবশ্য প্রতিপক্ষের সঙ্গে হাত না মেলানোর অন্য কারণই দেখিয়েছেন, ‘আমি ম্যাচের পর ওকে আর দেখিনি।’ তবে পোর্টারের কৌশলের সমালোচনা করতে ভোলেননি তিনি, ‘ওরা যাতে এভাবে ট্যাকল না করে সেটা দেখার দায়িত্ব তো আমার ছিল না। এটা অন্য একজনের দায়িত্ব ছিল, আমি জানি না তিনি তা পালন করেছেন কি না।’
মজার ব্যাপার হচ্ছে, ম্যাচের আগে পোর্টার তাঁর একজন আদর্শ হিসেবে বায়ার্ন কোচের নাম বলেছিলেন। ম্যাচ শেষে তাঁর সেই আদর্শ গার্দিওলার কাছ থেকে এমন ব্যবহার পেয়ে হয়তো কিছুটা মনঃক্ষুণ্ণ মূলত এমএলএসের ক্লাব পোর্টল্যান্ড টিম্বার্সের এই কোচ। তবে সংবাদ সম্মেলনে সেটা বুঝতে দেননি মোটেও, ‘এ ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই না। কোচদের মাঝেমধ্যে মাথা গরম হয়ে যেতেই পারে। এটা নিয়ে কথা বলে গল্প বানানোর কোনো প্রয়োজন দেখি না।’ গোলডটকম, ইউএসএ টুডে।