হেরে গেল অ্যাটলেটিকো

রিয়েল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হেরে স্প্যানিশ লিগের দৌড়ে ৪ নম্বর স্থানে নেমে গেছে গতবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।
মারিও মানজুকিচের গোলে এগিয়ে গেলেও শেষ অবধি সোসিয়েদাদের কাছে হার মানতে হয়েছে দশজনী অ্যাটলেটিকোকে।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ ডেভিড ময়েসের খুব শিগগির ম্যানেজার হিসেবে যোগ দেওয়ার কথা সোসিয়েদাদে। আপাতত ম্যানেজারহীন সোসিয়েদাদের জন্য অ্যাটলেটিকোর বিপক্ষে জয়টা কিন্তু যথেষ্টই উদ্দীপক।
মানজুকিচের গোলে খেলার পঞ্চম মিনিটেই এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো। কিন্তু এর ঠিক পাঁচ মিনিট পরেই খেলায় সমতা ফিরিয়ে আনেন সোসিয়েদাদের কার্লোস ভেলা।
এই ভেলাই এর কিছুক্ষণ পর রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তে হলুদ কার্ড দেখেন। তবে নিজেদের বক্সের মধ্যে তাঁকে ডিয়েগো গডিন ফেলে দিয়েছিলেন—এতে কোনো সন্দেহই নেই।
খেলার ৪৯ মিনিটের সময় জোড়া হলুদ কার্ডে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় অ্যাটলেটিকোর গুইলহেরমে সিকুয়েইরাকে।
খেলার শেষ বাঁশি বাজার আট মিনিট আগে ইমানোল অ্যাগিরেটেজে দুর্দান্ত এক হেডের গোলে জয় এনে দেন সোসিয়েদাদকে। এটি এবারের লিগ মৌসুমে সোসিয়েদাদের দ্বিতীয় জয়।
এই পরাজয়ে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়াকে লিগ লড়াইয়ের তৃতীয় স্থানটি ছেড়ে দিল অ্যাটলেটিকো। সমানসংখ্যক খেলায় ভ্যালেন্সিয়ার পয়েন্ট ২৪। সূত্র: এএফপি।