হেরে রেফারিকে দুষলেন ওয়েঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিভারপুলের কাছে হারার পর লেস্টার সিটি কোচ ক্লদিও রানিয়েরির মনটা একটু খারাপই ছিল। কিন্তু কে জানত, কয়েক ঘণ্টা পর সাউদাম্পটনের কাছ থেকে বক্সিং ডের এমন উপহার পাবেন? লেস্টারকে টপকে ইংলিশ লিগের শীর্ষে চলে যাওয়ার সুযোগ ছিল আর্সেনালের, কিন্তু সাউদাম্পটনের কাছে ৪-০ গোলে হেরে সুযোগটা তারা কাজে লাগাতে পারেনি।

৪-০ ব্যবধানই বলে দিচ্ছে, ম্যাচে কতটা একপেশে ছিল। তবে আর্সেন ওয়েঙ্গার কিন্তু রেফারি জন মসকেই দাঁড় করিয়েছেন কাঠগড়ায়, ‘আমাদের দুর্ভাগ্য, রেফারির সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। প্রথম গোলটা ছিল অফসাইড, দ্বিতীয় গোলটা ছিল ফাউল, তৃতীয়টা ছিল গোলকিক। এমনিতেই আমরা খারাপ খেলেছি, কিন্তু তিনটি সিদ্ধান্ত বিপক্ষে গেলে তো কাজটা অনেক কঠিন।’ ওয়েঙ্গার প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেও কুকো মার্টিনা সেটি অনেক দিন মনে রাখবেন। সাউদাম্পটন ডিফেন্ডারের ৩০ গজ দূর থেকে করা গোলটা তো মৌসুমেরই অন্যতম সেরা।

ওয়েঙ্গারের পর রেফারিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল সাউদাম্পটন কোচ রোনাল্ড কোম্যানকেও। একটি বাক্যেই সব উত্তর দিয়ে দিয়েছেন ডাচ কোচ, ‘৪-০ গোলে হারলে রেফারিকে দোষ দেওয়া যায় না।’

রানিয়েরি অবশ্য তখনো জানতেন না দিন শেষে হাসতে পারবেন। লিভারপুলের কাছে ১-০ গোলে হারের পর লেস্টার কোচের প্রতিক্রিয়া ছিল স্বাভাবিকই, ‘আমার মনে হয় জয়টা লিভারপুলেরই প্রাপ্য ছিল। না জিততে পারায় একটু হতাশ আমরা, আবার প্রতি ম্যাচেই আপনি জিততে পারবেন না। আমি খুশি নই, কিন্তু ব্যাপারটা মেনে নিচ্ছি।’ আগামীকাল রাতেই আরও বড় পরীক্ষা দিতে হবে লেস্টারকে, প্রতিপক্ষ ম্যানুয়েল পেলেগ্রিনির ম্যানচেস্টার সিটি। এএফপি।